পোশাকশিল্পে অস্থিরতা রোধে সরকারের আগাম নির্দেশনা
ঈদের আগে তৈরি পোশাক খাতে কোনো শ্রমিক ছাঁটাই না করা এবং সময়মত বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা নিতে বিজিএমইএ ও বি্কেএমইএকে পরামর্শ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
ফাইল ছবি
বৈঠকে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা রোধে আগাম প্রস্তুতি হিসেবে বিভিন্ন নির্দেশনা দেন মন্ত্রী।
শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, “বিজেএমইএ ও বিকেএমইএর বাইরে যেসব কারখানা রয়েছে সেগুলোর তালিকা তৈরি করতে হবে। তাদের সঙ্গে যোগাযোগ করে বোঝাতে হবে- তারা ঈদের আগে যেন কোনো শ্রমিক ছাঁটাই না করে এবং বেতন-ভাতা সময়মত পরিশোধ করে।
“কারণ বর্তমানে আন্তর্জাতিক বাজার ও সামগ্রিক পরিস্থিতিতে কোনভাবেই এ শিল্পে অস্থিরতা কাম্য নয়। সরকার আইন-শৃংখলা পরিস্থিতি রক্ষায় সর্বাত্বক উদ্যোগী।”
বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা গার্মেন্টস শিল্প কারখানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহবান জানান।একইসাথে ঈদের আগে যথা সময়ে বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতিও দেন তারা।
এসময় শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে স্থিতিশীলতা বজায় রাখতে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।
তবে ইতোমধ্যে কিছু কারখানায় শ্রমিক ছাঁটাই হচ্ছে বলে অভিযোগ করেন রনি।
সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএ সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ, বিকেএমইএর পরিচালক কামাল পাশা, শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমেদ, যুগ্মসচিব (শ্রম) ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, এমপ্লয়িজ ফেডারেশনের উপদেষ্টা কাজী সাইফুদ্দিন আহমেদ বৈঠকে অংশ নেন।
