‘অর্থপাচারে ব্যাংকের চেয়ে ব্যাংক-বহির্ভুত খাত বেশি ঝুঁকিপূর্ণ’
অর্থপাচারে (মানিলন্ডারিং) ব্যাংকের চেয়ে এখন ব্যাংক-বহির্ভুত খাতগুলো বেশি ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম।
রোববার ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক এক সম্মেলনের উদ্বধোনী অনুষ্ঠানে তিনি বলেন, “অর্থপাচার প্রতিরোধে ব্যাংক খাত অনেক বেশি কার্যকর হয়ে উঠেছে। যে কারণে অর্থপাচারকারিরা ব্যাংক খাতকে এড়িয়ে ব্যাংক-বহির্ভূত খাতকে (শেয়ারবাজার, বিমা) বেছে নিচ্ছে। এসব খাতই এক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ।”
এসময় তিনি অন্যান্য খাতগুলোতেও অর্থপাচার প্রতিরোধ কার্যক্রম জোরদার করার তাগিদ দেন।
বীমা কোম্পানি ও কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়ান্ট অফিসার-ক্যামেলকো) নিয়ে এ সম্মেলনের আয়োজন করে ‘বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট’ (বিএফআইইউ) ও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
রাজধানীর রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন গভর্নর আতিউর রহমান।
সম্মেলনে এম আসলাম আলম বলেন, “আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি তৈরি পোশাক রপ্তানি ও রেমিট্যান্স, যা বিশ্ব অর্থনীতির অংশ। এই কারণে বিশ্ব সমাজের নিয়ম-কানুন আমাদেরকে মানতে হবে। নইলে আমাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে লেনেদেন করতে পারবে না।
“তৃতীয় পক্ষের মাধ্যমে লেনদেন করতে হবে। এতে আমাদের খরচ বেড়ে যাবে। আস্থাহীনতার কারণে বিদেশি বিনিয়োগ আসা কমে যাবে।”
মানিলন্ডারিং সম্পর্কে ধারণা দিতে গিয়ে তিনি বলেন, “সম্প্রতি দেশে একটি বড় সন্ত্রাসমূলক ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ৬ কোটি টাকার লেনদেন হয়েছে বলে গণমাধ্যমে জানানো হয়েছে। এই ৬ কোটি টাকা কোথা থেকে এসেছে? তোষকের নিচ থেকে আসার সম্ভাবনা কম।
“খুব সম্ভবত এই টাকা কোনো না কোনো আর্থিক প্রতিষ্ঠানে ছিলো। সেখান থেকে টাকাটা এসেছে এবং আবার ব্যাংকিং চ্যানেলে ঢুকেছে। আমাদের প্রতিরোধ ব্যবস্থা যদি খুব শক্তিশালী হতো তবে আমরা সেটা ধরতে পারতাম।”
প্রধান অতিথির বক্তব্যে গভর্নর আতিউর রহমান বলেন, “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থায় আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) বাংলাদেশকে ‘ধূসর’ বা ‘সন্দেহযুক্ত’ তালিকা থেকে বেরিয়ে আসার স্বীকৃতি দিয়েছে।
“এখন যদি মানি লন্ডারিং প্রতিরোধে আন্তর্জাতিক আইন বা অনুশাসনগুলো ঠিকমতো পরিপালন করতে না পারি, তাহলে এই সাফল্য ধরে রাখা যাবে না।”
আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউ’র প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, আইডিআরএ’র সদস্য কুদ্দুস খান, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী প্রমুখ।
বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, বিমা ব্যবসার প্রসারে সঙ্গে সঙ্গে মানিলন্ডারিং এর ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। তাই মানিলন্ডারিং প্রতিরোধে এর আইনগত বিষয়ে সব বিমা কর্মকর্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।
