জেলা পর্যায়ে আইসিটি উদ্যোক্তা তৈরির উদ্যোগ
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে উদ্যোক্তা তৈরিতে ব্যাংকগুলোর কর্মকর্তাদের মধ্য থেকে পরামর্শক নিয়োগ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে বৃহস্পতিবার এবিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
গত ২৪ এপ্রিল ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক স্মারকে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর জেলা পর্যায়ের ৫ থেকে ১০ জন কর্মকর্তাকে আইসিটি উদ্যোক্তা উন্নয়নে পরামর্শক হিসেবে দায়িত্ব দেয়ার অনুরোধ জানানো হয় কেন্দ্রীয় ব্যাংককে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অনুরোধে সাড়া দিয়েই সবগুলো ব্যাংকের নির্বাহীদের প্রতি ওই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব মো. নজরুল ইসলাম খানের সই করা ওই স্মারকে বলা হয়, “বর্তমানে ‘ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ নামে একটি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশব্যাপী আইসিটি উদ্যোক্তা গড়ে তোলার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।”
২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে স্মারকে উল্লেখ করা হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে গড়ে উঠা উদ্যোক্তারা দেশের বিভিন্ন হাইটেক পার্ক এবং বিভাগে আইসিটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
