২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমই খাতের উন্নয়নে ক্লাস্টারভিত্তিক অর্থায়নের পরামর্শ

ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্পের উন্নয়নে ক্লাস্টারভিত্তিক অর্থায়ন বাড়াতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 01:02 AM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানদের সঙ্গে এক বৈঠকে এ পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশ্যাল প্রোগ্রামস বিভাগের কর্মকর্তারা।

এরই মধ্যে সারাদেশে সুঁচী, তাত, হালকা প্রকৌশল, শুটকী মাছ, লবন, হ্যান্ডলুম, নকসী কাঁথা, জামদানী শাড়ি, কারুপণ্য, বাঁশ ও বেত শিল্প, মৎস্য প্রক্রিয়াজাতরকণ, ডেইরী, ফুলচাষসহ বিভিন্ন শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংক ৫২টি এবং এসএমই ফাউন্ডেশন ১৭৭টি ক্লাস্টার চিহ্নিত করেছে।

বৈঠকে প্রত্যেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ন্যুনতম একটি করে ক্লাস্টারে অর্থায়ন করার তাগিদ দেয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রা অনুযায়ী এসএমই ঋণ বিতরণের জন্য সতর্ক করা হয়।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশ্যাল প্রোগ্রামস্ বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী বলেন, “বিশ্বব্যাপী এসএমই খাতের উন্নয়নের মডেল হলো ক্লাস্টারভিত্তিক এসএমই উন্নয়ন।

“এই মডেল অনুসরণ করে এসএমই খাতের উন্নয়নে আমরা সারাদেশে ইতোমধ্যে ৫২টি ক্লাস্টার চিহ্নিত করেছি।এখন এ সব ক্লাস্টারভিত্তিক এসএমই শিল্পের উন্নয়নে ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে তাগিদ দেয়া হয়েছে।”

ইতোমধ্যে সরকারি-বেসরকারি ২৭টি ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে ক্লাস্টারভিত্তিক এসএমই ঋণ বিতরণ শুরু করেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ২১ হাজার ৫৩ কোটি টাকার এসএমই ঋণ বিতরণ করেছে।

এ বছর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ৮৮ হাজার ৫৩৭ কোটি টাকা।