সিএসআরের কর ছাড়ের সীমা বাড়ানোর পক্ষে গভর্নর
ব্যাংকিং খাতে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) পেছনে ব্যয় হওয়া অর্থের ওপর কর ছাড়ের সীমা আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।
শনিবার রাজধানীর ‘বাংলাদেশ ইস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট’ (বিআইবিএম) ভবনে ‘পলিসি সার্পোট টু সিএসআর ইন দি কনটেক্স অফ ট্যাক্স এক্সামশান ফর দি ব্যাংকিং সেক্টর’ বিষয়ক এক গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।
ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত গোলটেবিল আলোচনায় আতিউর বলেন, “কর রেয়াত সুবিধা পাওয়ার জন্যে সিএসআর ব্যয়ের ন্যূনতম সীমা ৮ কোটি টাকার বেশি হওয়া উচিৎ। কোন কোন ব্যাংক এখন এর চেয়ে অনেক বেশি পরিমাণে সিএসআর ব্যয় করছে।”
সিএসআর খাতে কোন কোম্পানির ব্যয়িত প্রকৃত অর্থের ওপর ১০ শতাংশ পর্যন্ত আয়কর রেয়াত সুবিধা রয়েছে।
বর্তমান নীতিমালা অনুযায়ী, একটি প্রতিষ্ঠানের মোট আয়ের ২০ শতাংশ বা ৮ কোটি টাকার মধ্যে যেটি কম, তার অধিক ব্যয়িত অর্থের ক্ষেত্রে আয়কর রেয়াত প্রযোজ্য হবে না। সিএসআর বাবদ ব্যয়ের খাতগুলো সরকার অনুমোদিত হতে হবে।
আতিউর বলেন, “বর্তমানে কর রেয়াত সুবিধা পেতে বেশ কঠিন কিছু শর্ত পরিপালন করতে হয়। এসব শর্ত সহজ করা হলে, সামাজিক দায়বদ্ধতা তথা সিএসআর খাতে অর্থ ব্যয়ে আরও আগ্রহী হবে ব্যাংকগুলো।”
ব্যাংকগুলো বিভিন্ন খাতে যে সিএসআর কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা দেশের দারিদ্র্য নিরসন এবং সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন গভর্নর।
তিনি বলেন, “আর্থিক অন্তর্ভুক্তির রোল মডেল হিসেবে বাংলাদেশ এখন বিশ্বে তার পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে। বিশ্বব্যাংকের গ্লোবাল ফিনডেক্স সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ায় ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে বাংলাদেশের এখন দ্বিতীয় অবস্থানে আছে। আর প্রথম আছে শ্রীলংকা।”
তবে ক্ষুদ্রঋণ, দশ টাকার হিসাব ও মোবাইল ব্যাংকিং হিসাব যুক্ত করলে এই সূচকে বাংলাদেশের অবস্থানই প্রথম হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মো. আমিনুল করিম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বিআইবিএম’র মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী, এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডাডিজ বিভাগের ডিন শিবলী রোবায়েতুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে বক্তারা একটি সমন্বিত সিএসআর ফান্ড গঠন করার আহবান জানান। পাশাপাশি একটি সমন্বিত নীতিমালা এবং এরজন্য প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অনুরোধ করেন।
