পদ্মা সেতু: আর্থিক প্রস্তাব দিতে তিন ঠিকাদারকে চিঠি
পদ্মা সেতুর মূল স্থাপনার কাজের জন্য দরপত্রে অংশ নেয়া তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রাথমিক অনুমোদনের পর আর্থিক প্রস্তাব দিতে তাদের চিঠি দেয়া হয়েছে বলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।
আগামী ৩ এপ্রিলের মধ্যে তাদের প্রস্তাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, “আপনারা জানেন সেতুর মূল স্থাপনা তৈরির জন্য যে দরপত্র চাওয়া হয়েছিল তাতে তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। আমাদের টেকনিক্যাল কমিটি তাদের দরপত্র যাচাই-বাছাই করে তিনটি প্রতিষ্ঠানকেই অনুমোদন দিয়েছে।
“এখন তাদের কাছে আর্থিক প্রস্তাব চাওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে তিন প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছি। আগামী ৩ এপ্রিলের মধ্যে তাদের আর্থিক প্রস্তাব সেতু বিভাগে জমা দিতে হবে।”
দীর্ঘ প্রতীক্ষার পর গত বছরের জুন মাসে পদ্মা সেতুর মূল স্থাপনা নির্মাণের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে সরকার।
কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং সি অ্যান্ড টি কর্পোরেশন ও ডেনিম ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড এবং চীনের চায়না জংটি মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড দরপত্রে অংশ নেয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পদ্মা সেতুর জন্য প্রাথমিকভাবে একটি সম্ভাব্য নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে।
“তবে এটি আমরা এখনো লক করে রেখেছি। তিন ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র দিলে তাদের হিসাবের সাথে এটি মিলিয়ে দেখা হবে।”
বিশ্ব ব্যাংক যেভাবে পরিকল্পনা, নকশা করেছিল সেটাকে সামনে রেখেই সেতুর কাজ শুরু করা হবে বলেও জানান মন্ত্রী।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণ হলে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ২ শতাংশ বাড়বে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
পদ্মা সেতু নির্মাণে ২০১১ সালে বিশ্ব ব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি হলেও পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় বিষয়টি ঝুলে যায়। দীর্ঘ টানাপোড়েন শেষে গত বছর জানুয়ারিতে দেশের সবচেয়ে বড় এ অবকাঠামো প্রকল্পে অর্থায়নে বিশ্ব ব্যাংককে ‘না’ বলে দেয় সরকার। সে সময় এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২৯০ কোটি ডলার।
বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি বাতিলের পর নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়। চীন ও মালয়শিয়া সেতু নির্মাণের বিষয়ে আলাদা বিনিয়োগ প্রস্তাব দিলেও সেগুলো সরকারের সায় পায়নি।
