২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশী প্রতিষ্ঠানের সম্মানী নিতে অনুমোদন লাগবে না

বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে বেতন বা সম্মানী নিতে আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 09:16 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে নিবন্ধিত নয় এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে কর্মরতরা এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বেতন বা সম্মানী ও প্রতিষ্ঠানের খরচ নিতে পারবে।

“গ্রাহক স্বার্থে বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থা উদারীকরণের ধারাবাহিকতায় এজেন্সি সার্ভিসের বিপরীতে অন-অফ বেসিসে প্রাপ্ত অন্তর্মুখী রেমিটেন্স নগদায়নে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

এক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানের এজেন্ট, কারিগরী বা ব্যবস্থাপনা উপদেষ্টা বা কর্মকর্তাকে বাণিজ্যিক ব্যাংকর কাছে ইনভয়েস ও চুক্তিপত্র জমা দিতে হবে।

বাণিজ্যিক ব্যাংক এসব কাগজপত্রে সন্তুষ্ট হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশ থেকে পাঠানো অর্থ নগদায়ন করা যাবে বলে জানানো হয়েছে।

তবে বাংলাদেশি নাগরিকরা বিদেশে নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের এজেন্ট বা ব্যবস্থাপনা উপদেষ্টা বা কর্মকর্তা হতে চাইলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

আগে এ ধরনের প্রতিষ্ঠানের খরচ বা কর্মকর্তাদের জন্য বিদেশ থেকে পাঠানো অর্থ বাণিজ্যিক ব্যাংক থেকে সংগ্রহ করতে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে সাধারণ বা বিশেষ অনুমোদন নিতে হতো।