২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি প্রশিক্ষণ-পরামর্শের ফি পাঠানো সহজ হল

বিদেশ থেকে নেয়া পরামর্শ ও প্রশিক্ষণের ফি পাঠাতে এখন থেকে সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে না ।

নিজস্ব প্রতিবেদক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 06:21 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

তবে ওই ফি হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয়কর বিবরণীতে উল্লিখিত বার্ষিক বিক্রির সর্বোচ্চ ১ শতাংশ।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এক সার্কুলারে এ ঘোষণা দিয়েছে।

আগে শিল্প খাতের প্রতিষ্ঠানগুলো এ সুবিধা পেত জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলেন, সম্প্রতি কিছু প্রকৌশল সেবা প্রতিষ্ঠান, বিশেষ করে যারা বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে, তাদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংককে জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য তাদের প্রায়ই বিদেশি পরামর্শ বা প্রশিক্ষণ নিতে হয়। পরামর্শ বা প্রশিক্ষণের ফি বিদেশে পাঠাতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হয়।

যেহেতু একই কাজে বারবার ফি পাঠাতে হয়, তাই এক্ষেত্রে অনুমোদন নেয়ার বিধান শিথিল করার দাবি ছিল প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে।

এ দাবির পরিপ্রেক্ষিতেই শিল্প খাতের মত সেবা খাতের প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রির সর্বোচ্চ ১ শতাংশ অর্থ বিদেশী প্রশিক্ষণ ও পরামর্শের ফি হিসেবে পাঠাতে অনুমোদন না নেয়ার সিদ্ধান্ত হয়েছে।