‘হ্যাকড’ অর্থ ফেরত দিতে ব্র্যাক ব্যাংককে নির্দেশ
ব্র্যাক ব্যাংকের যেসব গ্রাহকের অ্যাকাউন্ট অনলাইনে হ্যাক করে অর্থ স্থানান্তর করা হয়েছে, ওই সব গ্রাহকদের অর্থ ফেরত দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে মঙ্গলবার সকালে ‘ব্র্যাক ব্যাংকের গ্রাহকের হিসাব হ্যাকড’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ হয়।
এরপর বিকালেই কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানকে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “অনলাইন হ্যাকিংয়ের ফলে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের সম্পূর্ণ টাকা আগামী ৩১ মার্চের মধ্যে ফেরত দেয়ার জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো।”
হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংকটির বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে মোট ১৮ লাখ ৭৩ হাজার ৮৭১ টাকা সরিয়ে নিয়েছে হ্যাকাররা।
একই সময়ের মধ্যে পাসওয়ার্ড রিসেট করার পদ্ধতিও সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে আরো কিছু পরামর্শও বেসরকারি এই ব্যাংককে দেয়া হয়েছে।
ব্র্যাক ব্যাংক গ্রাহকের হিসাব ‘হ্যাকড’
