২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থা ফেরানোই প্রথম চ্যালেঞ্জ: ফরাসউদ্দিন

অর্থনীতির চাকা সচল রাখতে সবার মধ্যে আস্থা ফিরিয়ে আনাই নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 01:14 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

তিনি বলেছেন, বেশ কিছু দিন ধরে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তাতে কৃষক, শ্রমিক, ছোট-বড় ব্যবসায়ী-শিল্পপতি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।

“এই ক্ষতি পুষিয়ে দিতে অগ্রাধিকার ভিত্তিতে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।”

পাশাপাশি নির্বাচনকে ঘিরে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনসহ সারা দেশে সহিংসতার সব ঘটনায় জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন এবং কাউকেই ছাড় না দেয়ারও পরামর্শ দিয়েছেন ফরাসউদ্দিন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার দুই দিনের মাথায় মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একান্ত সাক্ষাৎকারে তিনি এই পরামর্শ দেন।

“নতুন সরকার খুবই ভাল হয়েছে। অত্যন্ত সুন্দর, পরিচ্ছন্ন, দক্ষ সরকার হয়েছে। এখন এই সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে যে কাজ করতে হবে সেটি হচ্ছে সবার মধ্যে আস্থা ফিরিয়ে আনা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

গত কয়েক মাসে হরতাল-অবরোধসহ ‘সহিংস রাজনৈতিক কর্মসূচিতে’ অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা পোষানোর জন্য কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিল্পপতি সবাই অপেক্ষায় আছে মন্তব্য করে সাবেক গভর্নর বলেন, “নিরাপত্তা দিলে, আস্থা ফিরে পেলে সবাই ঝাঁপিয়ে পড়বে। এ কাজটিই নতুন সরকারকে প্রথম করতে হবে।”

আর এ জন্য বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির সমঝোতা জরুরি বলেই মনে করেন এই অর্থনীতিবিদ।

“দেশের মঙ্গলের জন্যই সমঝোতায় আসতে হবে। দুই দলকেই উদ্যোগ নিতে হবে; ছাড় দিতে হবে। সবাইকে জিততে হবে-এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”

ফরাসউদ্দিন বলেন, ইতোমধ্যে দেশের যে অনেক ক্ষতি হয়েছে- এ বিষয়টি দুই দলকেই বুঝতে হবে।

“আর যেন না হয়, এখন সবাই মিলে এই ক্ষতি পোষাতে হবে। দেশের উন্নয়নের যে ধারাবাহিকতা দেখা দিয়েছে তা অব্যাহত রাখতে হবে।”

১৯৯৬ থেকে ২০০১ সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করা ফরাসউদ্দিন মনে করেন, ‘সংঘাতের রাজনীতিতে’ গ্রাম-বাংলার অর্থনীতিরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

“দিনের পর দিন অবরোধ-হরতালে পরিবহন বন্ধ থাকায় সবজি চাষী সবজি ফলিয়ে বিক্রি করতে পারেনি। পঁচে নষ্ট হয়ে গেছে। কুমড়া, লাউ, টমেটো- সব ক্ষেত্রেই একই অবস্থা। তাদের আবার মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করতে হবে। আর সেজন্য সবার আগে প্রয়োজন সাহস-নিরাপত্তা।”

যাদের প্রয়োজন, তাদের জন্য আর্থিক সহায়তা বা ঋণের ব্যবস্থা করতেও সরকারকে অনুরোধ জানান ফরাসউদ্দিন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিবের দায়িত্ব পালন করা ফরাসউদ্দিনের ভাষায়, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বললেও বাস্তবতা হলো- আমেরিকা, চীন, রাশিয়া, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে। পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

“এটা নতুন সরকারের কাজ শুরু করার ক্ষেত্রে সহায়ক হবে বলে আমি মনে করি। ৫ জানুয়ারির নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্যতা পাবে না বলে অনেকেই আশঙ্কা করেছিলেন। সেটা কিন্তু হয়নি।”

ফরাসউদ্দিন বলেন, গত কিছু দিনে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের অনেক ক্ষতি হয়েছে। তারপরও চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রপ্তানি আয়ে ১৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে।

“তাজরীন গার্মেন্টসে আগুনে পুড়ে শতাধিক এবং সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর পর দেশে বিদেশে আমাদের ভাবমূর্তি বেশ ক্ষুন্ন হয়েছিল। এরপর অস্থিরতার মধ্যেও এই ১৬ শতাংশ প্রবৃদ্ধি সত্যিই আশার আলো জাগিয়ে রেখেছে। এখনও অর্ডার আসছে।”

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে এখন মালিক, শ্রমিক, সরকার- সবাই মিলে ক্রেতাদের আস্থা ধরে রাখা এবং আর যেন এ ধরনের ঘটনা না ঘটে- সে নিশ্চয়তা দেয়াই সবচেয়ে জরুরি বলে তিনি মনে করছেন।

আর এই পথ ধরে এগিয়ে যেতে পারলে চীনের ১৪০ বিলিয়ন ডলারের বাজারেও ভাগ বসানো সম্ভব বলে বিশ্বাস এই অর্থনীতিবিদের।

বর্তমানে বাংলাদেশি চামড়ার বাজার বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে জানিয়ে ফরাসউদ্দিন বলেন, “আর দেরি করা যাবে না। এবার যে করেই হোক আমাদের ট্যানারিগুলো সাভারে নিতেই হবে।

“একইসঙ্গে সিরামিক, ওষুধ, হালকা ইঞ্জিনিয়ারিং রপ্তানি বাড়াতে হবে। বিশ্ববাজারে আমাদের এ সব পণ্যের যথেষ্ট চাহিদা আছে। তাতে কর্মসংস্থানও বাড়বে। দারিদ্র্য দূর হবে।”

ব্যাংক খাতে নতুন সরকারকে ‘বিশেষ’ নজর দেয়ার পরামর্শ দিয়ে অর্থনীতির এই শিক্ষক বলেন, “ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ অর্থ পড়ে আছে। বিনিয়োগ হচ্ছে না। যেটাকে ‘অলস’ অর্থ বলা হয়। আমি অবশ্য এটাকে ‘বিনিয়োগ হচ্ছে না- এমন অর্থ’ বলি।”

তার পরামর্শ, উদ্যোক্তাদের মধ্যে দ্রুত আস্থা ফিরিয়ে এনে এই অর্থ বিনিয়োগে আনতে হবে। এক্ষেত্রে যেসব সমস্যা আছে- দ্রুত সেগুলোর সমাধান করতে হবে। ‘অলস’ টাকার পাশাপাশি বিপুল অংকের ‘রিজার্ভও’ বিনিয়োগে নিয়ে আসতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বিনিয়োগ না হওয়ায় ব্যাংকগুলোতে প্রায় লাখ কোটি টাকা অলস পড়ে আছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভের পরিমাণ ছিল ১৮ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

“এখানে আমি একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমাদের যে ক্ষতি হয়েছে তা বড় বিনিয়োগ ছাড়া পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। সে বিষয়টি বিবেচনায় রেখেই নতুন সরকারকে জরুরিভিত্তিতে সাহসী ব্যবস্থা নিতে হবে।”

সেজন্য উদ্যোক্তাদের প্রণোদনার প্রয়োজন হলে সরকারকে তা দেয়ার অনুরোধ জানান ফরাসউদ্দিন।

তবে রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে জামায়াত-শিবির ও জঙ্গিবাদ প্রশ্নে কোনো ধরনের ছাড় না দিতেও শেখ হাসিনার সরকারকে পরামর্শ দিয়েছেন তিনি।

এ প্রসেঙ্গ ফরাসউদ্দিন বলেন, “যুদ্ধাপরাধীদের বাঁচানোর নামে জামায়াত-শিবির সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে, মানুষ হত্যা করেছে- তা কোনোভাবেই মেনে নেয়া যাবে না। দেশে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য দ্রুত তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাহলে মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে। সবাই সাহস পাবে।”