২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বার্থসিদ্ধির চাপে বিশ্ব-অর্থনীতি: আতিউর

বিশ্বের সর্বত্রই আর্থিক খাত প্রভাবশালীদের স্বার্থসিদ্ধির চাপের মুখে থাকে বলে মন্তব্য করেছেন গভর্নর আতিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 05:58 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শুক্রবার রাতে মিরপুরে বিআইবিএম মিলনায়তনে ব্যাংকিং পেশায় নৈতিকতার ওপর নুরুল মতিন স্মারক বক্তৃতায় তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, “সুষ্পষ্ট দায়বদ্ধতা ও জবাবদিহিতা সম্পন্ন কর্পোরেট সুশাসন নিশ্চিত করা সহজসাধ্য নয়। বিশ্বের সর্বত্রই আর্থিক খাত রাজনৈতিক ও অন্যবিধ পরিচয়ের প্রভাবশালীদের স্বার্থসিদ্ধির চাপের মুখে থাকে।”

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এ বক্তৃতার আয়োজন করে।

আতিউর রহমান বলেন, “ব্যাংকঋণ মঞ্জুরি ও বিতরণের পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবার অর্থাৎ পরিচালনা পর্ষদ থেকে শাখা পর্যায় পর্যন্ত সংশ্লিষ্ট সবার সুষ্পষ্ট দায়বদ্ধতা, জবাবদিহিতা ও কার্যকর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা সম্পন্ন কর্পোরেট সুশাসন দৃঢ়মূল করার প্রয়াস জোরদার রাখা হয়েছে।

“রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর সরকার নিয়োজিত পরিচালকদের বেলায় এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে যৌথভাবে সক্রিয় রয়েছে। সুষ্পষ্ট দায়বদ্ধতা ও জবাবদিহিতা সম্পন্ন কর্পোরেট সুশাসন নিশ্চিত করা সহজসাধ্য নয়।”বাংলাদেশে অচিরেই কর্পোরেট সুশাসনের আদর্শ মান অর্জন দেখতে পাবার প্রত্যাশা স্পষ্টতই বাস্তবানুগ নয় বলেও মন্তব্য করেন গভর্নর।

তিনি বলেন, তবে শুভবুদ্ধির চেতনা সম্পন্ন মহলগুলোর সক্রিয় সমর্থনে বিরাজমান অবস্থার ক্রমোন্নতির ধারা প্রতিষ্ঠা সম্ভব।

এবার ছিল নুরুল মতিন স্মারক বক্তৃতার ত্রয়োদশ পর্ব।

স্মারক বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক সনৎ কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ।