‘ক্ষমতায় থাকলে আয় বাড়া স্বাভাবিক’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সব দেশেই ক্ষমতাসীনরা সম্পদশালী হন; ক্ষমতায় থাকলে আয় বাড়ে, এটাই স্বাভাবিক।
নির্বাচন কমিশনে দেয়া তথ্যের ভিত্তিতে ক্ষমতাসীন দলের নেতাদের সম্পদের বৃদ্ধি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং কিছু প্রার্থীর আপত্তির মধ্যেই মুহিতের এ বক্তব্য এলো।
মঙ্গলবার সচিবালয়ে আয়কর বিবরণী জমা দেয়ার পর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অর্থমন্ত্রী।
সরকারের কয়েকজন মন্ত্রী-সাংসদের সম্পদ গত পাঁচ বছরে কয়েক গুণ বেড়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, “দেশের উন্নতি হয়েছে। ব্যবসা-বাণিজ্য ও জনগণের আয় বেড়েছে।”
অর্থমন্ত্রীর ভাষায়, ক্ষমতাসীনরা সম্পদশালী- এটা দুনিয়ার সব দেশেই আছে।
“প্রাচীন আমলে বর্বরদের গোত্রপ্রধানও হতেন সম্পদশালী। যারা ক্ষমতায় থাকে তাদের আয় বাড়ে, এটা স্বাভাবিক প্রক্রিয়া।”
দুদক এ বিষয়ে তদন্ত করবে কি-না জানতে চাইলে মুহিত বলেন, “দুদক স্বাধীন প্রতিষ্ঠান। তারা তদন্ত করে দেখতে পারে।”
এনবিআর বিষয়টি খতিয়ে দেখবে কি না- এমন প্রশ্নে অর্থমন্ত্রীর জবাব, “এনবিআর অবশ্যই এগুলো দেখবে।”
দশম জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, নিয়ম অনুযায়ী তাদের সবাইকেই সম্পদের বিবরণী, হলফনামা ও বেশ কিছু ব্যক্তিগত তথ্য দিতে হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এসব তথ্যের ভিত্তিতে কোন নেতার সম্পদ কতোটা বেড়েছে- সে বিষয়ে গত কয়েক দিন ধরেই গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে।
অবশ্য এসব প্রতিবেদন নিয়ে আপত্তি তুলেছেন ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা। হলফনামার তথ্য দিয়ে সংবাদ প্রকাশকে ‘মিথ্যাচার’ আখ্যায়িত করে এর পিছনে ‘তৃতীয় শক্তির উত্থান’ ঘটানোর চেষ্টা রয়েছে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
প্রার্থীদের সম্পদের হিসাব গণমাধ্যমে প্রকাশের বিষয়ে আওয়ামী লীগ নেতাদের এই বিরোধিতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, “আমি প্রতিবছর আয়কর বিবরণী জমা দেই। এটার সঙ্গে আমার মেলে না। আমার ব্যক্তিগত অভিমত হলো জনপ্রতিনিধিদের সম্পদ ওপেন বুক অ্যাকাউন্ট হওয়া উচিত।”
২০১৩-১৪ সালের হিসাব অনুযায়ী, অর্থমন্ত্রীর সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৫৮ লাখ টাকা। ২০০৮-০৯ অর্থবছরে যার পরিমাণ ছিল ১ কোটি ১৪ হাজার টাকা।
এই হিসাবে গত পাঁচ বছরে অর্থমন্ত্রীর সম্পদ বেড়েছে ৫৮ লাখ টাকার মতো।
২০১৩-১৪ অর্থবছরের জন্য আবুল মাল আবদুল মুহিত কর দিয়েছেন ৮৪ হাজার ৪৩৬ টাকা।
