ব্যবসা গুটানোর পথ খুঁজছেন শিল্পমালিকরা
চলমান রাজনৈতিক অস্থিরতায় ক্ষতি পোষাতে পোশাক শিল্পের মালিকরা সরকারের কাছে বিশেষ প্রণোদনার সুযোগ চেয়েছেন। তা নাহলে ব্যবসা গুটানোর জন্য সম্মানজনক পথ চেয়েছেন তারা।
রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রেতা হারনো ও উৎপাদন বন্ধ থাকার কথা জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, সরকার প্রণোদনা না দিলে নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন দেয়া সম্ভব হবে না।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এক বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, এফবিসিসিআইর শীর্ষ নেতারা সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। সংকট উত্তরণে সরকারের কাছে আট দফা জানান তারা।
তাদের দাবিগুলোর অন্যতম হচ্ছে- চার মাসের জন্য ব্যবসায়ীদের জন্য বিশেষ প্যাকজ ঘোষণা, উদ্ভুত পরিস্থিতিতে যারা শিল্প চালাতে অপারগ তাদের বিনা ঝামেলোয় শিল্প থেকে বের হয়ে যাওয়ার জন্য অন্য দেশের মতো চ্যাপ্টার-১১ (দেউলিয়া আইন) এর অনুরূপ এক্সিট প্ল্যান দেয়া, সোর্স ট্যাক্স কমানো, ডলালের বিপরীতে বিনিময় হার কমানো, অবরোধের জন্য চট্টগ্রাম বন্দরের কনজেশনের জন্য অতিরিক্ত মাশূল প্রত্যাহারের ব্যবস্থা করা।
তবে ব্যবসায়ীদের দাবিগুলো কিছু যৌক্তিকতা স্বীকার করলেও সব দাবি মেনে নেয়া সম্ভব নয় বলে জানান অর্থমন্ত্রী।
“এখন কোন আইন আমরা করতে পারবো না, তবে এ বিষয়ে একটা ড্রাফট করে যেতে পারবো। ইনসেনটিব ডলার বোনাস আপনারা পাবেন না, তবে টিটির বিপরীতে বিশেষ প্রণোদনা আগামী এক সপ্তাহের মধ্যে হবে।”
পোশাক শিল্পের মালিকদের বিভিন্ন সুপারিশের বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান মন্ত্রী।
দশম জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার ও বিরোধী দলের বিপরীতমুখী অবস্থানে রয়েছে। নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের অব্যাহত হরতাল- অবরোধ, গাড়ি ভাংচুর ও যানবাহনে আগুনের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে বিগত কয়েকমাস।
চলমান সহিংসতা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, হরতাল নিষিদ্ধ (ব্যান) করা উচিত বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তারা এ বিষয়ে পদক্ষেপ নেবে বলেও আশা করেন।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, আমরা নিরুপায় হয়ে সবাই মিলে আপনার কাছে এসেছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অসুস্থ্য রাজনীতির কবল থেকে আমরা বাঁচতে চাই। রাজনৈতিক অস্থিরতা আমাদের পেছনে ঠেলে দিচ্ছে।
ক্রেতারা নতুন অর্ডার দিচ্ছেনা জানিয়ে তিনি বলেন, অসুস্থ রাজনীতির কারণে সুস্থ কারখানাগুলোও অসুস্থ হওয়ার পথে।
বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন বলেন, শিল্পমালিকদের বিশেষ সুবিধা না দিলে জানুয়ারিতে শ্রমিকদের বেতন দেয়া সম্ভব হবে না। এতে করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হবে।
বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমানও সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা দেয়ার দাবিগুলো তুলে ধরেন।
বৈঠকে একে আজাদ চৌধুরী বলেন, হরতাল, অবরোধ গণতান্ত্রিক ধারা হতে পারে না। যেভাবে সহিংস ঘটনা ঘটছে, বাড়ি, গাড়ি, কারখানা পোড়ানোর হচ্ছে- এটা গণতান্ত্রিক অধিকার হতে পারে না।
“আমরা অর্থ দেই বলেই আপনি (অর্থমন্ত্রী) সঞ্চয় করেন। ২০ দিন ধরে মংলা বন্দর থেকে মাল আনতে পারছি না।” বলেন তিনি।
আনিসুল হক বলেন, “আমরা যারা ব্যবসা করতে পারছি না তাদেরকে একটা এক্সজিটওয়ে দিতে হবে। যারা পারছেন না তারা সম্মানসহ বের হতে চায়। আমাদের পরের প্রজন্মকে যেন এই ঋণ টানতে না হয়।”
