২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম মজুরি: চট্টগ্রামে সমাবেশের ঘোষণা দিয়ে লিফলেট

ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে শুক্রবার সিইপিজেড মোড়ে সমাবেশ করার ঘোষণা দিয়ে লিফলেট বিলি হচ্ছে চট্টগ্রামে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 07:55 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

তবে আইন-শৃঙ্খলা বাহিনী মনে করছে, চট্টগ্রামের কারখানাগুলোতে ‘অস্থিরতা সৃষ্টির’ উদ্দেশ্য নিয়েই এভাবে লিফলেট বিতরণ।

বুধবার চট্টগ্রাম ইপিজেড এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের টয়লেট, ক্যান্টিনসহ জনসমাগমের বিভিন্ন স্থানে এই লিফলেট ও পোস্টার দেখা যায়।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সাদা কাগজে কম্পিউটার কাম্পোজ করা এবং হাতে লেখা দুই ধরনের লিফলেট ও পোস্টার ইপিজেডসহ চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে সেঁটে দেয়া হয়েছে।

‘শ্রমিক আন্দোলন’ নাম দিয়ে কম্পিউটার কম্পোজ করা লিফলেটে বলা হয়, “শ্রমিকদের দাবি আদায়ের জন্য ১৫ নভেম্বর দুপুর আড়াইটায় ফ্রি পোর্ট (ইপিজেড) মোড়ে সমাবেশ হবে।”

আর হাতে লেখা পোস্টারে বলা হয়েছে, “বাংলাদেশ জিন্দাবাদ-সরকার ঘোষিত বর্ধিত মজুরি আদায়ের সমাবেশ, ইপিজেড মোড় দুপুর আড়াইটা।”

নিচে লেখা আছে ‘শ্রমিক একাদশ’।

 

গত শুক্রবারও একই দাবিতে ইপিজেড মোড়ে সমাবেশ করে কয়েকটি সংগঠন।

শিল্প পুলিশের অভিযান ও গোয়েন্দা শাখার প্রধান পরিদর্শক আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামের গার্মেন্টগুলোর পরিস্থিতি অস্থিতিশীল করতে ইপিজেড এলাকার কিছু গার্মেন্টে এভাবে লিফলেট দেয়া হচ্ছে।”

বুধবার ইপিজেড এলাকার সাত থেকে আটটি পোশাক কারখানা থেকে এ ধরনের লিফলেট উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।  

শিল্প পুলিশের গোয়েন্দা শাখার কয়েকজন কর্মকর্তা বলেন, চট্টগ্রামে পাঁচ থেকে সাতটি নিবন্ধিত শ্রমিক সংগঠন রয়েছে। এর বাইরে তিন চারটি সংগঠন অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। 

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, গার্মেন্টস শ্রমিক অধিকার রক্ষা সামাজিক কমিটি, শ্রমিক একাদশ নামে কয়েকটি সংগঠনের নাম এবং এর সঙ্গে জড়িতদের তালিকা তাদের হাতে এসেছে বলেও জানান তারা। 

গত ৪ নভেম্বর সরকার গঠিত মজুরি বোর্ডের সভায় ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব চূড়ান্ত করা হয়। মালিক পক্ষ ওই প্রস্তাব মেনে না নিলেও শিগগিরই সমঝোতা হবে বলে ইংগিত পাওয়া গেছে। 

অবশ্য কিছু শ্রমিক সংগঠন এখনো ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে আন্দোলনে রয়েছে।  

চট্টগ্রাম শিল্প পুলিশের পরিচালক মো. তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা সরকার ঘোষিত মজুরি কাঠামো। প্রজ্ঞাপন জারি হওয়ার পর তা কার্যকর হবে।

“চট্টগ্রামের পোশাক কারখানাগুলোতে যাতে কোনো ধরনের অস্থিরতা না ঘটতে পারে সেজন্য আমরা সার্বক্ষণিক নজরদারি এবং শ্রমিকদের সঙ্গে সমন্বয় করছি। ঢাকা ও নারায়ণগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি হলেও চট্টগ্রামে এখনো তেমন কোনো সমস্যা হয়নি।”

‘একটি পক্ষ’ চট্টগ্রামেও অস্থিতিশীল সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

পুরনো খবর:

মজুরি ৮ হাজারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
৫৩০০ টাকা ‘মেনে নিচ্ছে’ মালিকপক্ষ