২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতির উত্তাপ নিত্যপণ্যে

নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক ডামাডোল আর হরতালের প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে।

নিজস্ব প্রতিবেদক

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 09:59 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

চাল, ডাল, চিনি, ভোজ্যতেলের মতো কয়েকটি নিত্যপণ্যের দাম গত কিছুদিন ধরে স্থিতিশীল থাকলেও হঠাৎ করেই দামের পারদ চড়তে শুরু করেছে। বেড়ে গেছে শাক-সবজির দামও।
ব্যবসায়ীরা বলছেন, চলমান রাজনৈতিক উত্তাপই বাজারে প্রভাব ফেলছে। বিশেষ করে গেল সপ্তাহের শুরুতে বিরোধী দলের টানা তিন দিনের হরতালে পণ্যমূল্য বেড়েছে।

সামনে আবারো হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির আশঙ্কায়ও বাজারে পণ্যের চাহিদা ও জোগানে ভারসাম্য আসছে না। এতে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। 

এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের চালের দাম তিন থেকে পাঁচ টাকা বেড়েছে। দেশি ও আমদানি করা মশুর ডালের দাম প্রতি কেজিতে বেড়েছে ১০ টাকা। চিনির দাম বেড়েছে তিন টাকা পর্যন্ত। আর ভোজ্যতেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩ থেকে ৪ টাকা পর্যন্ত।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে দেশি মসুর ডাল কেজি প্রতি ১০০ থেকে ১১০ টাকা এবং চিনি ৫৮ টাকা দরে বিক্রি হয়েছে।

খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১০০ থেকে ১০৬ টাকা, আর বোতলজাত সয়াবিন তেল ১ লিটার ১১৭ থেকে ১২০ টাকা, ৫ লিটারের বোতল ৫৬৫ টাকায় বিক্রি হয়েছে।

বেড়েছে সবজির দামও। পেঁয়াজের দর কিছুটা কমে বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১০০ টাকায় পৌঁছেছে।

শীতের আগাম যেসব সবজি বাজারে এসেছে তার মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে মূলা। প্রতি কেজি ৪০ টাকা দরে পাওয়া যাচ্ছে। এছাড়া শিম প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকা, ফুলকপি প্রতিটি ২৫ থেকে ৩০ টাকা, বাঁধাকপি প্রতিটি ৩০ টাকা, টমেটো কেজি প্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম কেজিতে ১ টাকা বেড়ে ১৬ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

কারওয়ান বাজারের কাঁচামালের আড়ৎ কামাল ট্রেডার্সের মালিক কামাল হোসেন বলেন, “গত সপ্তাহে তিন দিনের হরতালের কারণে বাইরে থেকে ঢাকায় পণ্য আসতে পারেনি। অনেক ব্যবসায়ীর মাল নষ্ট হয়ে গেছে। এখনো মালের সরবরাহ কম। এজন্য দাম একটু বেশি।”

এছাড়া ট্রাক ভাড়াও বেড়েছে বলে জানান তিনি।

চালের দাম বাড়ার কারণ হিসেবে কারওয়ান বাজারের ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বলেন, “মোকামে নতুন ধান নেই। যে কারণে সরবরাহ একটু কম। এছাড়া ট্রাক ভাড়াও বেড়েছে।”

তবে রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে রাজধানীতে কিছু চাল মজুদ হচ্ছে বলে মনে করছেন এই ব্যবসায়ী।

তিনি বলেন, “টানা হরতাল বা অবরোধ হলে ঢাকার বাইরে থেকে চাল আনা যাবে না- এই আশঙ্কা থেকে অনেকে চাল মজুদ করছে।”

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেক ক্রেতা।

এদেরই একজন এমদাদুল হক বলেন, “দেশের ব্যবসায়ীরা শুধু দাম বাড়ানোর অজুহাত খুঁজতে থাকে। সেখানে এরকম রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে দামতো বাড়বেই।”

বাজার ব্যবস্থায় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলেও মনে করেন এই চাকুরীজীবী।