তিতাসের নতুন কূপের গ্যাস জাতীয় গ্রিডে
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২০ নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
শহরের ঘাটুরা এলাকায় তিতাস নদীর তীরে নতুন এই কূপ উন্নয়নের দায়িত্বে রয়েছে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম।
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সেখানে ড্রিলিং শুরুর পর ২২ অক্টোবর কাজ শেষ হয়।
প্রয়োজনীয় পরীক্ষার পর বুধবার সকাল সাড়ে ৯টা থেকে এই কূপের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয় বলে প্রকল্প পরিচালক আহাম্মদ হোসেন জানান।
তিনি জানান, ২০ নম্বর কূপ উন্নয়নে ব্যয় হয়েছে প্রায় দেড়শ কোটি টাকা।
এ কূপের গ্যাস যোগ হওয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি এখন মোট ৭৮৩ মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে দিচ্ছে।
পেট্রোবাংলা কর্মকর্তারা জানান, দেশের সবগুলো গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন গড়ে ২ হাজার ৩০০ মিলিয়ন ঘটফুট পাওয়া গেলেও চাহিদা এর চেয়ে ৫০০ মিলিয়ন ঘনফুট বেশি।
