২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আটকে গেল’ ডিমিউচুয়ালাইজেশন

হাই কোর্টের নিষেধাজ্ঞায় আটকে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিশেষ সাধারণ সভা (ইজিএম), যাতে ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুমোদন পাওয়ার কথা ছিল।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েনন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 07:16 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

ডিএসই মুখপাত্র ইসতিয়াক আহমেদ সোহাগ জানান, হাই কোর্ট সোমবার এই নিষেধাজ্ঞা জারি করলেও এই নির্দেশ ডিএসইর হাতে পৌঁছায় সভার দিন মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজ ইজিএমে ঢাকা স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করার (ডিমিউচুয়ালাইজেশন) কর্মসূচি (স্কিম), সংশোধিত সংঘস্মারক ও সংঘবিধি এবং প্রথম পরিচালনা পর্ষদের তালিকা অনুমোদন করার কথা ছিল।”

কিন্তু আদালতের নির্দেশ পেয়ে ইজিএম স্থগিত করা হয় বলে মুখপাত্র জানান।

স্টক এক্সচেঞ্জের সদস্য ও সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসানের করা মামলায় বিচারপতি মামনুন রহমানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই নিষেধাজ্ঞা জারি করে।

মামলায় বলা হয়, স্টক এক্সচেঞ্জের কিছু শেয়ার হোল্ডারের পরিচয় কর্তৃপক্ষ জানে না। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, তাদের শেয়ার স্থাগিত থাকবে। এতে ওই শেয়ার মালিকদের অধিকার ক্ষুণ্ন হবে।    

ডিমিউচুয়ালাইজেশন আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও মামলায় অভিযোগ করা হয়। 

ঢাকা স্টক এক্সচেঞ্জের আইনজীবী ব্যারিস্টার তানজিব উল আলম জানান, ওই অভিযোগের শুনানি করে হাই কোর্ট বেঞ্চ ইজিএম স্থগিত করে দেয়। 

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সেপ্টেম্বরের শেষে ডিমিউচ্যুয়ালাইজেশনের স্কিমে চূড়ান্ত অনুমোদন দেয়।

নিয়ম অনুযায়ী, স্কিম অনুমোদন হওয়ায় ৩০ দিন, অর্থাৎ ২৯ অক্টোবরের মধ্যে উভয় স্টক এক্সচেঞ্জের বিশেষ সাধারণ সভা করার কথা। তার সাত দিনের মধ্যে অনুমোদিত স্কিম রেজিস্ট্রেশন অব জয়েন্ট স্টক কোম্পানিতে (আরজেএসসি) জমা দিতে হবে।

তার পরের ১৪ দিনের মধ্যে নিবন্ধন পেলে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হবে স্টক এক্সচেঞ্জ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ইতোমধ্যে ইজিএম করে ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুমোদন করলেও ডিএসইর বিষয়টি আটকে গেল। 

পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করে স্টক এক্সচেঞ্জের নতুন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।

পুঁজিবাজারে ব্যাপক উত্থান পতনের পর ২০১১ সালে সরকার স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের উদ্যোগ নেয়। এরপর চলতি বছর ২৯ এপ্রিল জাতীয় সংসদে ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন বিল, ২০১৩’ পাস হয়।

এতে বলা হয় আইনটি কার্যকর হওয়ার পর বিদ্যমান এক্সচেঞ্জ-এর সিকিউরিটিজ লেনদেনের অধিকার (ট্রেডিং রাইট) এর মালিকানা ও ব্যবস্থাপনা হতে পৃথকীকরণের মাধ্যমে ডিমিউচ্যুয়ালাইজ করতে হবে।

ডিমিউচুয়ালাইজেশন অর্থ হলো- এক্সচেঞ্জ-এর লেনদেনের অধিকার হতে ব্যবস্থাপনা ও মালিকানা পৃথক করা। ১৯৯৩ সালে প্রথম এ ধারণা শুরু হয়। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি স্টক এক্সচেঞ্জে ডিমিউচ্যুয়ালাইজেশন সম্পন্ন হয়েছে; যার মধ্যে ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর ও নিউ ইয়র্ক স্টক একচেঞ্জ অন্যতম।

এ আইনের বিধান লংঘনে সংশ্লিষ্ট এক্সচেঞ্জকে অন্যূন ১০ লাখ টাকা অর্থদণ্ড ও নিবন্ধন সনদ স্থগিতের বিধান হয়েছে। কোনো পরিচালক, সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী, কমিটির কোনো সদস্য, শেয়ারহোল্ডার বা ব্যক্তিকে এক লাখ টাকা দণ্ড করা যাবে।

ডিমিউচ্যুয়ালাইজেশনের পর লেনদেনের অধিকার থেকে স্টক এক্সচেঞ্জের মালিকানা ও ব্যবস্থাপনা আলাদা হয়ে যাবে। এক্সচেঞ্জের পরিচালনা পরিষদের চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্য স্বতন্ত্র পরিচালক হবেন এবং এক্সচেঞ্জের পরিচালনা পরিষদ স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচন করবে।

পুরনো খবর:

স্টক এক্সচেঞ্জের ১৩ পরিচালকের সাতজনই হবেন স্বতন্ত্র