স্টক এক্সচেঞ্জের ১৩ পরিচালকের সাতজনই হবেন স্বতন্ত্র
মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা হওয়ার পর স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হবে ১৩ জন, যাদের মধ্যে সাত জন হবেন স্বতন্ত্র পরিচালক।
পরিচালনা পর্ষদের এই কাঠামো রেখে বৃহস্পতিবার ডিমিউচ্যুয়ালাইজেশনের স্কিমে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রস্তাবিত স্কিমের বিভিন্ন দিক পর্যালোচনা এবং এর ওপর সংশ্লিষ্টদের শুনানি শেষে কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয় বলে সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান জানান।
এ প্রক্রিয়ার মধ্য দিয়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কোম্পানিতে রূপন্তরিত হতে যাচ্ছে।
অনুমোদিত কাঠামো অনুযায়ী, পর্ষদের পাঁচ জন পরিচালক আসবেন শেয়ারহোল্ডার মধ্যে থেকে। এছাড়া স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তাও পর্ষদে থাকবেন, যিনি ভোটও দিতে পারবেন।
পাঁচ শেয়ারহোল্ডার পরিচালকের মধ্যে একজন হবেন এক্সচেঞ্জের স্ট্র্যটিজিক ডিরেক্টর। আর স্ট্র্যটিজিক ডিরেক্টর না পাওয়া গেলে এ পদটি খালি থাকবে।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ডিমিউচ্যুয়ালাইজেশন এর মাধ্যমে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক হবে। যার ফলে স্টক এক্সচেঞ্জে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হওয়ার পাশাপাশি এর গতিশীলতা বৃদ্ধি পাবে।”
স্বতন্ত্র পরিচালকের মধ্যে থেকে একজন স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হবেন। স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যানের মেয়াদ হবে তিন বছর।
এ ছাড়া স্টক এক্সচেঞ্জে ‘চিফ রেগুলেটরি অফিসার’ নামে একটি পদ থাকবে, যিনি ‘রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশন’ গঠনের পর তার দেখভাল করবেন।
স্কিম অনুমোদন হওয়ায় আগামী ৩০ দিন অর্থাৎ, ২৯ অক্টোবরের মধ্যে উভয় স্টক এক্সচেঞ্জকে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করতে হবে। ওই সভার সাত দিনের মধ্যে অনুমোদিত স্কিম রেজিস্ট্রেশন অব জয়েন্ট স্টক কোম্পানিতে (আরজেএসসি) জমা দিতে হবে।
তার পরের ১৪ দিনের মধ্যেই নিবন্ধ পেলেই পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হবে স্টক এক্সচেঞ্জ। পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করে স্টক এক্সচেঞ্জের নতুন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।
স্কিম অনুমোদনের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড ফাইন্যান্স স্টাডিজের চেয়ারম্যান বাকি খলিলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই স্কিমের সবচেয়ে ভাল দিক হলো সিইওর ভোটাধিকার। এর ফলে তিনি পরিচালকদের চাপ থেকে মুক্ত থাকবেন।”
তার মতে, এই স্কিমের আরেকটি ভাল দিক হলো- নতুন পর্ষদের অধিকাংশ সদস্যই হবেন স্বতন্ত্র পরিচালক।
“তবে তাদের কারা মনোনীত করবেন এবং কারা তাদের নাম প্রস্তাব করবেন, তার ওপরই এর কার্যকারিতা নির্ভর করছে। যদি নির্বাচিত পরিচালকরাই স্বতন্ত্র পরিচালকদের প্রস্তাবক হন, তাহলে এই নিয়মের সুফল পাওয়া যাবে না।”
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ডিমিউচ্যুয়ালাইজেশনের ফলে স্টক এক্সচেঞ্জ অলাভজনক থেকে লাভজনক প্রতিষ্ঠান হবে। এর শেয়ার মালিকরা লভ্যাংশ পাবেন।”
পুঁজিবাজারে ব্যাপক উত্থান পতনের পর ২০১১ সালে সরকার স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের উদ্যোগ নেয়। এরপর চলতি বছর ২৯ এপ্রিল জাতীয় সংসদে ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন বিল, ২০১৩’ পাস হয়।
এতে বলা হয় আইনটি কার্যকর হওয়ার পর বিদ্যমান এক্সচেঞ্জ-এর সিকিউরিটিজ লেনদেনের অধিকার (ট্রেডিং রাইট) এর মালিকানা ও ব্যবস্থাপনা হতে পৃথকীকরণের মাধ্যমে ডিমিউচ্যুয়ালাইজ করতে হবে।
ডিমিউচুয়ালাইজেশন অর্থ হলো- এক্সচেঞ্জ-এর লেনদেনের অধিকার হতে ব্যবস্থাপনা ও মালিকানা পৃথক করা। ১৯৯৩ সালে প্রথম এ ধারণা শুরু হয়। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি স্টক এক্সচেঞ্জে ডিমিউচ্যুয়ালাইজেশন সম্পন্ন হয়েছে; যার মধ্যে ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর ও নিউ ইয়র্ক স্টক একচেঞ্জ অন্যতম।
এ আইনের বিধান লংঘনে সংশ্লিষ্ট এক্সচেঞ্জকে অন্যূন ১০ লাখ টাকা অর্থদণ্ড ও নিবন্ধন সনদ স্থগিতের বিধান হয়েছে। কোনো পরিচালক, সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী, কমিটির কোনো সদস্য, শেয়ারহোল্ডার বা ব্যক্তিকে এক লাখ টাকা দণ্ড করা যাবে।
