‘ডিমিউচুয়ালাইজেশন ঠেকাতে পুঁজিবাজারে কারসাজি’
ডিমিউচুয়ালাইজেশন ‘ঠেকাতে’ পুঁজিবাজারে কারসাজি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সন্ধ্যায় সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
অব্যাহত দরপতনের মুখে সোমবারই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরনো সাধারণ সূচক সোয়া তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে।
পুঁজিবাজারে এত দর পতনের কারণ জানতে চাইলে মুহিত বলেন, “এটা কারসাজি। যারা ওখানে কাজ করছেন, ব্রোকারস বা আদারস, তারা কারসাজি করছে।
“এটার একমাত্র ওষুধ ডিমিউচুয়ালাইজেশন, যেটা তারা পরোক্ষভাবে আটকানোর চেষ্টা করছে।”
পুঁজিবাজার স্বাভাবিক করার দাবিতে বিনিয়োগকারীদের বিক্ষোভ (ফাইল ছবি)।
ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৩২ পয়েন্ট কমে ৩ হাজার ৪৫৮ পয়েন্ট হয়। গত ২৭ জানুয়ারি নতুন এই সূচক চালু হওয়ার পর এটাই সর্বনিম্ন অবস্থান।
ডিজিইএন দাঁড়িয়েছে ৩ হাজার ৬১০ পয়েন্টে যা ২০১০ সালের ডিসেম্বরে পুঁজিবাজারে দরপতন শুরু হওয়ার পর সর্বনিম্ন।
এদিকে পুঁজিবাজারে ক্রমাগত দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
২০১০ সালের ডিসেম্বরে পুঁজিবাজারে দরপতন শুরু হওয়ার পর বাজার চাঙ্গা করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, কেন্দ্রীয় ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড।
এরই অংশ হিসেবে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক করার লক্ষ্যে ডিমিউচুয়ালাইজেশন আইন করার উদ্যোগ নেয়।
আইনের খসড়াটি মন্ত্রিসভায় অনমোদন পেয়ে সংসদে উত্থাপন করা হয়েছে।
