দরপতনে সর্বনিম্ন অবস্থানে সূচক
সপ্তাহের দ্বিতীয় দিনেও ব্যাপক দরপতনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।
পুরানো সাধারণ সূচকও পৌঁছেছে সোয়া তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে।
সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর থেকেই সূচক নামতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৩২ পয়েন্ট কমে ৩ হাজার ৪৫৮ পয়েন্ট হয়। এটি গত ২৭ জানুয়ারি নতুন এই সূচক চালু হওয়ার পর এটাই এ সূচকের সর্বনিম্ন অবস্থান।
এছাড়া দিনশেষে পুরানো সাধারণ সূচক ডিজিইএন দাঁড়িয়েছে ৩ হাজার ৬১০ পয়েন্টে যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন পুঁজিবাজারে শুরু হওয়ার পর সর্বনিম্ন। দরপতন শুরু হওয়ার পর এর আগে সর্বনিম্ন সূচক ছিল ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি ৩ হাজার ৬১৬ পয়েন্ট।
আর ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাসে এর চেয়েও কম সূচক ছিল ২০০৯ সালে ১৫ নভেম্বর ৩ হাজার ৩৮৩ পয়েন্ট।
সোমবার ডিএসইর বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৪৭ পয়েন্ট কমে হয় ১ হাজার ২৯৩ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ১৩৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১১টির, কমে ২৩৯টির। অপরিবর্তিত ছিল ১৬টির দাম।
সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৯২ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ১৬৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৭৫ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৪৫ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১১ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৬০ কোটি টাকা।
এদিকে পুঁজিবাজারে ক্রমাগত দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী বলেন, “আমরা পুঁজিবাজার সংশ্লিষ্ঠ ডিএসই, বিএসইসি, অর্থমন্ত্রনালয় এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পদত্যাগ দাবি করছি। বিশেষভাবে আমরা দরপতনের জন্য দায়ী মনে করছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সভাপতিকে।”
আতিক ইখতিয়ার নামে একজন বিনিয়োগকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ এখন কোনো শেয়ারে বিনিয়োগ করছি না, বরং কাছে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছি ।”
মোহাম্মদ মহিউদ্দিন নামে গ্রিনলাইফ সিকিউরিটিজের একজন বিনিয়োগকারী বলেন, “২০০৯ সালে সারা জীবনের সঞ্চয় নিয়ে বাজারে এসেছিলাম, এ পর্যন্ত ৪০ লাখ টাকা পুঁজিবাজারে হরিয়েছি। আর কিছুদিন বাজার কমলে যা আছে সব বেঁচে দিয়ে টাকা উঠিয়ে ফেলব ।”
পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম বলেন, “ব্যাংক কোম্পানি আইনে ব্যাংক গুলোর পুঁজিবাজারে বিনিয়োগের আওতা কমানো হয়েছে। ফলে কিছু ব্যাংককে তাদের বিনিয়োগ তুলে ফেলতে হবে। এর ফলে বিক্রির চাপ বাড়তে পারে।”
তিনি জানান, রাজনৈতিক অস্থিরতা ধারাবাহিক দরপতনের একটি বড় কারণ হতে পারে। মাচেন্ট ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা চেয়েছিল পুঁজিবাজারের জন্য। টাকা এখনো পায়নি এজন্য তারা বিনিয়োগ করতে পারছেন , তাই হয়ত ক্রমাগত দরপতন হচ্ছে।
