২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক অস্থিরতায় প্রবৃদ্ধি কমবে: এডিবি

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অস্থিরতায় চলতি অর্থবছর দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 03:31 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করে ম্যানিলা ভিত্তিক এই সংস্থা বলেছে, ২০১৩-১৪ অর্থবছরে ৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে, যা সরকার ঘোষিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশ কম।

মেয়াদের শেষ বছরের বাজেটে সরকার ৭ দশমিক ২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের আশা প্রকাশ করেছে।

বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৩’ উপস্থাপন করেন সংস্থার ঢাকা কার্যালয়ের প্রিন্সিপাল ইকনোমিস্ট মোহাম্মদ জাহিদ হোসেন।

ওই সংবাদ সম্মেলনই বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে পূর্বাভাস দেন সংস্থার আবাসিক প্রতিনিধি তেরেসা খো ।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচন সামনে রেখে বাংলাদেশে সংঘাতময় রাজনীতির আশংকা করা হচ্ছে। আর এই সংঘাত-অস্থিরতা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।

এডিবি মনে করছে, এই পরিস্থিতিতে রাজস্ব আদায়  ও বিদেশি সহায়তাও কমে যেতে পারে। পাশাপাশি কমতে পারে বিনিয়োগ। রপ্তানি আয় ও রেমিটেন্মেও এর নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে। কৃষি খাতে প্রবৃদ্ধি কিছুটা বাড়লেও শিল্প খাতে আগের প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে।

এছাড়া ‘প্রয়োজন হলেও’ রাজনৈতিক চাপে সরকার জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নাও নিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

“এ সব কারণে চলতি অর্থবছরে বাংলাদেশে ৫ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হতে পারে।”

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাথমিক হিসাবে (ভিক্তিবছর ১৯৯৫-৯৬) গত অর্থবছরে ৬ দশমিক ০৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সরকারের লক্ষমাত্রা এবং এডিবির পূর্বাভাসের মধ্যে এতো ব্যবধান কেন- এ প্রশ্নের উত্তরে জাহিদ হোসেন বলেন, “এটা আমাদের নিজস্ব এনালাইসিস। বাংলাদেশের অর্থনীতির সর্বশেষ পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে আমাদের গবেষণায় যেটা এসেছে- সেটাই আমরা প্রকাশ করছি।”

এই অর্থনীতিবিদ বলেন, গত অর্থবছর এডিবি যে পূর্বাভাস দিয়েছিল তা অনেকটাই মিলেছে। এডিবি বলেছিল,  ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে; হয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ।

 তেরেসা খো বলেন, “বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি কোনো দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য মোটেই সহায়ক নয়।”

গত চার-পাঁচ বছরে বিদ্যুৎ খাতের ‘অনেক উন্নতি’ হয়েছে উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, “এ কথা ঠিক যে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন বেশ খানিকটা বেড়েছে। এক্ষেত্রে সরকারের আন্তরিকতাও ছিল লক্ষণীয়। কিন্তু চাহিদা যেভাবে বাড়ছে তা পূরণের জন্য এ খাতের উন্নয়নে আরো বেশি মনোযোগ দিতে হবে।”

জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে হলে গ্যাস, যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য অকাঠামো খাতের ব্যাপক উন্নয়ন করতে হবে মত দেন এই অর্থনীতিবিদ।

বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে প্রধান চ্যালেঞ্জ কি- এ প্রশ্নের উত্তরে জাহিদ হোসেন বলেন, “আমার বিবেচনায় রাজনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে কোনো দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অবকাঠামো খাতের উন্নয়নসহ রাজনৈতিক স্থিতিশীলতা খুবই দরকার।”