২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাড়ছে আয়কর আদায়

চট্টগ্রামে সাতদিনের মেলায় আয়কর আদায় হয়েছে পৌনে তিনশ কোটি টাকারও বেশি, যা গত বছরের মেলার চেয়ে দেড়শ কোটি টাকা বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 10:28 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

চট্টগ্রামের আয়কর কর্মকর্তারা বলছেন, আগে আয়কর বিভাগ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছিল, তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। এ কারণে সাধারণ মানুষ আয়কর দিতে উৎসাহ দেখাচ্ছেন।

নগরীর আগ্রাবাদে ১৬ সেপ্টেম্বর আয়কর মেলা শুরু হয়। এ সাতদিনে আয়কর আদায় হয়েছে ২৭৬ কোটি এক লাখ ৩৯ হাজার ৬৭৪ টাকা।

২০১২ সালে সাতদিনের মেলায় আয়কর আদায় হয়েছিল ১২৬ কোটি ৪৫ লাখ ২৫২ টাকা।

চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার দবির উদ্দিন বলেন, “চার বছর ধরে চট্টগ্রামে আয়কর মেলা হচ্ছে এবং প্রতি বছরই আয়কর আদায়ের পরিমাণ বাড়ছে। গত বছরের চেয়ে এবারে আয়কর আদায়ের হার দ্বিগুণ বেড়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ বছরে আয়কর মেলায় এক লাখ ৭০ হাজার ৩২৮ জন সেবা নিয়েছে। গতবার সেবা নিয়েছিল ৮৭ হাজার ৫০৭ জন।”

আয়কর প্রদানের ক্ষেত্রে চট্টগ্রামের মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবছরই আয়কর প্রদানকারী এবং এর পরিমাণ বাড়ছেই।

আয়কর প্রদানের ক্ষেত্রে অতীতে যে ভীতি ছিল তা কাটছে দাবি করে দবির উদ্দিন বলেন, অতীতে কিছু দালালের কারণে মানুষের মধ্যে আয়কর নিয়ে বিভ্রান্তি ছিল। নিয়মিত আয়কর মেলা আয়োজন এবং সচেতনতা তৈরিতে নানা উদ্যোগের ফলে বিভাগের কর্মকর্তা ও কার্যক্রমের সঙ্গে আয়কর দাতাদের পরিচিতি তৈরি হচ্ছে।

চট্টগ্রাম অঞ্চলে প্রান্তিক আয়কর দাতাদের সংখ্যাই বেশি উল্লেখ করে তিনি বলেন, এখনো আয়কর প্রদানে সক্ষম বড় অংশ এ আওতার বাইরে রয়েছে।

এই মেলায় সাতদিনে নতুন করে টিআইএন গ্রহণ করেছেন দুই হাজার ৫৩৯ জন, এছাড়া টিআইএন রি-রেজিস্ট্রেশন করেছেন ১১ হাজার ৮২৬ জন। 

গত অর্থ বছরে চট্টগ্রামে আয়কর আদায় হয়েছে পাঁচ হাজার সাতশ কোটি টাকা। চলতি অর্থবছরে সাত হাজার দুইশ কোটি টাকা আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।