বিদ্যুৎকেন্দ্রে গ্যাস কমানোর পরামর্শ
সার উৎপাদন ও বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে পিক আওয়ারে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কম গ্যাস ব্যবহারের পরামর্শ দিয়েছে পেট্রোবাংলা।
বিদ্যুৎ উৎপাদন সহনীয় রাখতে ১৫০ মেগাওয়াট ক্ষমতার দ্বৈত জ্বালানির্ভর (ডুয়েল ফুয়েল) একটি বিদ্যুৎকেন্দ্রকে প্রয়োজনে পুরোপুরি তেলনির্ভর হতেও পরামর্শ দেয়া হয়েছে।
তবে পিক আওয়ারে গ্যাস ব্যবহার কমিয়ে কীভাবে চাহিদা অনুযায়ী বিদ্যুত উৎপাদন করা যাবে- সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে পিডিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসাবাড়ি ও শিল্প কারখানায় গ্যাস সংকটের মধ্যেই বৃহস্পতিবার পিডিবি ও গ্যাস বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করে পেট্রোবাংলা।
এ বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্যাস উৎপাদনের তুলনায় চাহিদা অনেক বেশি। ফলে বিভিন্ন স্থানে বাসাবাড়ি ও সিএনজি স্টেশনগুলোতে চাপ কমে গেছে।
“সীমিত গ্যাস দিয়ে সব দিক সামলানোর জন্য পিক আওয়ারে একটু সমন্বয় করার জন্য আমরা পিডিবিকে বলেছি। বিশেষ করে দিনের যে সময়টায় সারকারখানাগুলোতে বেশি গ্যাস লাগে, তখন বিদ্যুৎ কেন্দ্রগুলোতে একটু কম গ্যাস নিতে বলা হয়েছে তাদের।”
দেশে প্রতিদিন উৎপাদিত মোট গ্যাসের সাড়ে ৪২ শতাংশ যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। এরপরও গ্যাসের অভাবে বুধবার ১১টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখতে হয়, যাদের মোট উৎপাদন ক্ষমতা ৯৪২ মেগাওয়াট। বুধবার সারাদেশে ৫৪২ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দিয়েছিল পিডিবি।
পিক আওয়ারে গ্যাস ব্যবহার কমালে লোডশেডিং আরো বেড়ে যাবে কি না- এমন প্রশ্নে পিডিবির সদস্য (উৎপাদন) জালাল উদ্দীন আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে শুধু আলোচনা হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”
সিরাজগঞ্জের দ্বৈত জ্বালানিনির্ভর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে বুধবার উৎপাদন হয়েছে ৭০ মেগাওয়াট।
পেট্রোবাংলার পরিচালক বলেন, “এ কেন্দ্রে আমরা গ্যাস না নিতে বলেছি। প্রয়োজনে এটাকে তেলেও চালানো যেতে পারে। আবার দিনের যে সময়টাতে জিয়া সার কারখানায় গ্যাস বেশি লাগে তখন ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রেও কম গ্যাস নিতে অনুরোধ করেছি।”
অবশ্য তেলের ওপর নির্ভরতা বাড়লে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়ে যাবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পিডিবির হিসাবে, গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোতে প্রতি ইউনিট বিদ্যুতের গড় উৎপাদন খরচ প্রায় ২ টাকা, আর তেলভিত্তিক কেন্দ্রগুলোতে প্রতি ইউনিটের জন্য খরচ পড়ে ১৬ থেকে ১৮ টাকা।
পেট্রোবাংলার হিসাবে, দেশে প্রতিদিনি প্রায় ২৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হলেও ৫০ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে।
এর মধ্যে বুধবার সাতটি সার কারখানায় গ্যাসের চাহিদা ছিল প্রায় ২৮ কোটি ঘনফুট, যার বিপরীতে সরবরাহ করা হয়েছে প্রায় ১৭ কোটি ঘনফুট। আর বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রায় ১৩৪ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে দেয়া হয়েছে প্রায় ৯৮ কোটি ঘনফুট গ্যাস।
বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস ব্যবহার কি পরিমাণ কমাতে বলা হয়েছে জানতে চাইলে কামরুজ্জামান বলেন, “এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।”
পেট্রোবাংলার হিসাবে, বুধবার প্রায় ২৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও প্রায় ৫০ কোটি ঘনফুট ঘাটতি ছিল।
