২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্থিতিশীল’ অর্থনীতি রেখে যাচ্ছে মহাজোট

পরবর্তী সরকারের জন্য একটি স্থিতিশীল ও সমৃদ্ধশালী অর্থনীতি রেখে যাওয়া হচ্ছে বলে সরকারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 10:49 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

মহাজোটের সাড়ে চার বছরে দেশের অর্থনীতি ‘ধ্বংস’ হয়ে গেছে বলে বিরোধী দলের দাবির মধ্যে রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো।

রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবেদনটি তুলে ধরে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জেইডি)।

‘প্রেজেন্টেশন সেরেমনি : স্টেট অব দি ইকনোমি বাই জুন-২০১৩’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।

পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, “বাংলাদেশের অর্থনীতির স্বাস্থ্য খুবই ভালো। অর্থনীতির প্রায় প্রতিটি সূচকই ইতিবাচক। গত চার বছরে গড়ে ৬ দশমিক ৩ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।”

প্রতিবেদন উপস্থাপনের শুরুতেই তিনি বলেন, “এই প্রতিবেদন নেহাতই দেশের অর্থনীতির গতি-প্রকৃতির বিচার-বিশ্লেষণ। সামষ্টিক অর্থনীতির হাল হকিকতই তুলে ধরাই এর প্রধান উদ্দেশ্য। এখানে কোনো রাজনৈতিক বিষয় বিবেচনা করা হয়নি।”

প্রতিবেদনে বলা হয়, “এতটা উন্মুক্ত, স্থিতিশীল, সমৃদ্ধশালী অর্থনীতি অতীতে কখনোই দেখা যায়নি। স্থানীয় সম্পদ আহরণের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।

রাজস্ব আদায় বাড়ানোকে সরকারের বড় সাফল্য হিসেবে তুলে ধরে জানানো হয়েছে, পাঁচ বছরে রাজস্ব আদায় তিন গুণ বেড়েছে। ট্যাক্স-জিডিপি অনুপাত ১০ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ১৩ দশমিক ৫ শতাংশ হয়েছে।

প্রতিবেদনে অর্থনীতির অন্যান্য সূচক প্রসঙ্গে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৬ বিলিয়ন ডলারের ওপরে অবস্থান করছে। যা দিয়ে পাঁচ মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব।

পাঁচ বছরে সাড়ে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি আয় প্রায় তিন গুণ বেড়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আমদানি ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ডলার।

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। গত কয়েক বছল ধরেই রেমিটেন্স প্রবাহে ভালো প্রবৃদ্ধি হচ্ছে। গত অর্থবছরে প্রায় ১৫ বিলিয়ন ডলারের রেকির্ড রেমিটেন্স দেশে এসেছে।

প্রথমবারের মতো সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গত অর্থবছরে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বিদেশি সাহায্যও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে প্রতিবেদনে কৃষি খাতে প্রবৃদ্ধি হ্রাস এবং বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ার কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫-০৬ অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক ৯ শতাংশ। গত অর্থবছরে তা কমে ২ দশমিক ২ শতাংশে নেমে এসেছে। সেবা খাতে প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ থেকে কমে ৫ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। তবে শিল্প খাতে ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

প্রতিবেদনে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে এসেছে বলেও উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে মুহিত বলেন, “এটা একটা অনন্য প্রেজেন্টেশন। বাংলাদেশে এ রকম কখনোই হয়নি। এটা নতুন পদক্ষেপ।”

প্রতি বছর না হলেও দুবছরে এ ধরনেরে উপস্থাপনা উপস্থাপন করা উচিৎ বলে মন্তব্য করেন মুহিত।

‘বোগাস রিপোর্টিং’

অর্থনৈতিক ক্ষেত্রে অর্জনগুলো দেশের গণমাধ্যমে সঠিকভাবে প্রতিফলিত হয় না দাবি করে তা নিয়ে হতাশা প্রকাশ করেন অর্থমন্ত্রী মুহিত।    

তিনি বলেন, “দেশের অর্থনীতি নিয়ে সামগ্রিকভাবে আমাদের মিডিয়ায় উপস্থাপনার মান-ব্যবহার খুবই হতাশাজনক। জানি না, কেন তারা এ রকম রিপোর্ট করেন।

“শুধু সঙ্কট। অর্থনৈতিক সঙ্কট; এখানে সঙ্কট; ওখানে সঙ্কট। শুধুই সঙ্কট। কেউ ভালো কিছু পায় না। বোগাস রিপোর্টিং।”

বলেই মুহিত বলেন, “দুঃখিত, আমি আবার ‘বোগাস’ শব্দটি ব্যবহার করতে বাধ্য হলাম।”

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, “বিশ্ব পরিস্থিতি বিবেচনাই না নিয়েই রিপোর্টিং করা হয়। বিশ্ব অর্থনীতিতে মন্দা শুরু হয়েছিল, এখনো চলছে। এমন মন্দা ইতিহাসে কখনোই আসেনি।

“অথচ আমাদের এখানে রিপোর্টিংয়ে এ বিষয়টি কখনোই বিবেচনায় নেয়া হয় না।”