বৈষম্য ঘোঁচাতে সৌদি আরবে বেতন যাবে ব্যাংকে
বিদেশি কর্মীদের বেতন বৈষম্য ও সময়মতো মজুরি না দেয়ার অভিযোগের প্রেক্ষাপটে ব্যাংক অ্যাকাউন্টে বেতন পরিশোধের উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার।
তিন হাজারের বেশি কর্মী কাজ করে এমন প্রতিটি প্রতিষ্ঠানে চলতি মাস থেকে এ নিয়ম কার্যকর হবে।
পাশাপাশি বেসরকারি ও আন্তর্জাতিকভাবে পরিচালিত স্কুলগুলোতেও বেতন যাবে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে।
সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় ও অর্থ দপ্তর যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করবে।
জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এ মোমেন সম্প্রতি সৌদি আরব সফরে গেলে তাকে এ বিষয়ে অবহিত করা হয়। সৌদি আরব সফর শেষে শনিবার নিউ ইয়র্কে ফেরেন রাষ্ট্রদূত।
সরকারি হিসাবে বর্তমানে ২২ লাখের মতো বাংলাদেশি সৌদি আরবে বৈধভাবে কাজ করছেন।
বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিলেন, সৌদি চাকরিদাতারা প্রায়ই সময়মতো তাদের বেতন পরিশোধ করেন না। কখনো কখনো ৫-৬ মাসও তাদের অপেক্ষা করতে হয়।
আরব নিউজ জানিয়েছে, এর আওতায় দেশি-বিদেশি কর্মীদের তথ্য নিয়ে একটি ডেটাবেইজ তৈরি করা হবে। বেতনের ক্ষেত্রে বিদেশি কর্মীরা বৈষম্যের শিকার হচ্ছেন কি-না তা দেখা হবে।
সৌদি শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আবদুল্লাহ আল হাকবানি বলেন, “বিদেশি কর্মীদের অধিকার যাতে রক্ষা হয় এবং প্রতিষ্ঠানগুলো যাতে মাস শেষে সময়মতো কর্মীদের বেতন পরিশোধ করে তা নিশ্চিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।”
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর থেকেই ব্যাংক অ্যাকাউন্টে বেতন পাঠানোর নিয়ম প্রতিষ্ঠানগুলোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ধাপে ধাপে ছোট প্রতিষ্ঠানগুলোতেও এ নিয়ম চালু হবে।
২০১৪ সালের ১ অক্টোবর থেকে এই প্রকল্পের চূড়ান্ত পর্যায় শুরু হবে। ওই সময় অন্তত ১০০ কর্মী আছে এমন সৌদি প্রতিষ্ঠানকেও ব্যাংক অ্যাকাউন্টে বেতন পরিশোধ করতে হবে।
