২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ দিনে ১০০ কোটি ডলার রেমিটেন্স

ঈদকে সামনে রেখে রেমিটেন্স প্রবাহ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 01:04 AM

Updated : 23 Aug 2022, 11:17 AM

চলতি জুলাই মাসের ২৬ দিনে প্রবাসীরা ১০০ কোটি ডলারের বেশি অর্থ দেশে পাঠিয়েছেন।

আর এই রেমিটেন্সের ওপর ভর করে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে।

সোমবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল প্রায় ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহা ব্যবস্থাপক কাজী সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৬ দিনে (পহেলা জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত) ১০০ কোটি ৭০ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে।

অন্যান্য বারের মতো এবারো ঈদকে সামনে রেখে প্রবাসীরা তাদের পরিবার- পরিজনের কাছে বেশি টাকা পাঠাচ্ছেন বলে জানান তিনি।

গত অর্থবছরের শেষ মাস জুনে ১০৫ কোটি ৮২ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছিল।

আর গত বছরের জুলাই মাসে এসেছিল ১২০ কোটি ১১ লাখ ডলার।

গত ২০১২-১৩ অর্থবছরে ১৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে এসেছিল।

২০১১-১২ অর্থবছরে এসেছিল ১২ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।