২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাদের ব্যাংক চলবে আমাদের মতো’

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণ ও সরকারি শেয়ার বাড়ানোর পদক্ষেপ না নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের নয়জন নারী সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 04:00 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

একইসঙ্গে গ্রামীণ ব্যাংককে বর্তমান আইনের অধীনেই পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিচালনা পর্ষদের ১৩ সদস্যের নয়জন এই দাবি জানান।

এরা সবাই গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা সদস্য, পরিচালনা পর্ষদের বাকি সদস্যরা সরকার মনোনীত।  

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয়েছে, গ্রামীণ ব্যাংক বিষয়ে সরকার গঠিত কমিশন ব্যাংকটির ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণ এবং সরকারি শেয়ারের পরিমাণ বাড়ানোসহ কাঠামো পুনর্গঠনের বিষয়ে বেশ কিছু সুপারিশ তৈরি করেছে।

তবে ওই কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়নি।

গণমাধ্যমে প্রকাশিত গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ কাঠামো নিয়ে সরকারের কমিশনের সুপারিশের সংবাদের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন ডাকেন পরিচালনা পর্ষদের এই সদস্যরা।

সংবাদ সম্মেলনে পরিচালনা পর্ষদের ময়মনসিংহ অঞ্চলের সদস্য তাহসিনা খাতুন লিখিত বক্তব্য পড়ে শোনান।

তিনি বলেন, “আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত কাঠামো কী হবে, এবিষয়ে সরকার গঠিত কমিশন আগামী ২ জুলাই তাদের সুপারিশ উপস্থাপন করবে এবং বুদ্ধিজীবীদের মতামত নেওয়া হবে।”

রাজধানীর বিয়াম মিলনায়তনে ২ জুলাই অনুষ্ঠেয় পরামর্শ সভায় ওই সুপারিশ তুলে ধরা হবে, যেখানে উপস্থিত থাকতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসকেও কমিশন আমন্ত্রণ জানিয়েছে বলে সংবাদে বলা হয়েছে।

তাহসিনা অভিযোগ করেন, তারা গ্রামীণ ব্যাংকের ৯৭ শতাংশ মালিক ও ঋণগ্রহীতাদের নির্বাচিত প্রতিনিধি হলেও কমিশন এবিষয়ে তাদের মতামত নেয়নি।

তিনি বলেন, “বিষয়টি আমাদের স্বার্থসংশ্লিষ্ট হওয়ায় আমাদের মতামত জানানোটা প্রয়োজন বোধ করছি।”

ব্যাংকের ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণের এবং সরকারি শেয়ার ৫১ শতাংশ করার কোনো প্রস্তাব তারা গ্রহণ করবেন না বলে জোর দিয়ে বলেন এই সদস্য।

তিনি বলেন, “আমাদের ব্যাংক আমাদের মতো চলবে, ব্যাংকের বর্তমান যে আইন আছে সে আইনে চলবে। এর পরিবর্তন আমরা করতে দেবো না।

“আইন পরিবর্তনের নামে আমাদের ব্যাংক সরকারের নামে লিখে নেবার চেষ্টা আমরা সফল হতে দেবো না।”

তবে ব্যাংকের গ্রাহকদের স্বার্থে আইন সংশোধন বা পরিবর্তনের প্রয়োজন হলে তাদের সঙ্গে পরামর্শের ভিত্তিতেই তা করার দাবি জানান তিনি।

ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে সরিয়ে দেয়ার সরকারি উদ্যোগের শুরু থেকেই তার পক্ষে সোচ্চার অবস্থান নেয়া নির্বাচিত পরিচালকদের মধ্যে তাহসিনা অন্যতম।

গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের নানা পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে বেশিরভাগ সময় তিনি গণমাধ্যমের সামনে এসেছেন।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে এই পরিচালক বলেন, “সরকার যদি কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রামীণ ব্যাংকের কাঠামো পরিবর্তন করে তাহলে এর ৮৪ লাখ সদস্য তাদের সন্তান, স্বামীসহ পুরো পরিবার নিয়ে ঢাকায় সমাবেশ করবে।

“দেশের মানুষ, দুনিয়ার মানুষ আমাদের পক্ষে আছে। ভোমরার বাসায় হাত দিবেন না, ফল ভালো হবে না।”

সরকারি ব্যাংকগুলোতে লুটপাট হচ্ছে দাবি করে তাহসিনা বলেন, “সরকার বরং গ্রামীণ ব্যাংক না নিয়ে সোনালী, অগ্রণীসহ অন্যান্য ব্যাংক আমাদের কাছে দিতে পারে। আমরা গ্রামীণ ব্যাংকের মত স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করবো।”

এসময় সাংবাদিকরা পটুয়াখালী অঞ্চলের পরিচালক মোমেলা বেগমের কাছে তার সঞ্চয়ের পরিমাণ জানতে চাইলে তিনি জানাতে পারেননি।

মোমেলা বলেন, “আমি ৩০ বছর ধরে এই ব্যাংকের সদস্য। কিন্তু আমার সঞ্চয় কত আমি জানি না।”

তবে অন্য কয়েকজন পরিচালক বলে উঠেন, “সঞ্চয়ের পরিমাণ আমাদের ব্যক্তিগত তথ্য। এটা আমরা জানাবো না।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাহসিনা দাবি করেন, বর্তমান পরিচালনা ব্যবস্থায় ব্যাংকের কোনো সমস্যা হয়নি বরং লভ্যাংশ বেড়েছে। ২০১১ সালে ব্যাংক ৮৫ কোটি, ২০১২ সালে ১৪৫ কোটি টাকা লাভ করেছে এবং সদস্যদের লাভের ৩০ শতাংশ অংশ তাদের খাতায়ও (হিসাব) তুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “মুহাম্মদ ইউনূস আমাদের কষ্টের কথা বিবেচনা করে আমাদের একটি প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন। সফলভাবে পরিচালিত হলেও সরকার সেটাকে খণ্ড খণ্ড করতে চাচ্ছে।

“সরকারের যখন গ্রামীণ ব্যাংকের প্রতি এত আকর্ষণ, তাহলে নিজেরা একেকটা প্রতিষ্ঠান গড়ে তুলুক। যেগুলো নোবেল পাবে।”

ইউনূস সরে যাবার পর ব্যাংকটি ভারপ্রাপ্ত এমডির অধীনে পরিচালিত হচ্ছে। নতুন এমডি নিয়োগের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের সবাই ঐকমত্যে পৌঁছাতে পারছেন না।

ব্যাংকের সিরাজগঞ্জ অঞ্চলের সাবেক পরিচালক রোজিনা বেগম বলেন, “ইউনূস স্যারের আর এই ব্যাংকে এমডি হওয়া সম্ভব না। তাকে ছাড়াও ব্যাংক ঠিকমতো চলছে।”

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের পরিচালক সাজেদা বেগম, কুমিল্লা অঞ্চলের রেহানা আক্তার, সিলেট অঞ্চলের সুলতানা, গাজীপুর অঞ্চলের ছালেহা খাতুন, দিনাজপুর অঞ্চলের পারুল বেগম, বগুড়া অঞ্চলের মেরিনা বেগম, যশোর অঞ্চলের সাহিদা বেগম ও নওগাঁ অঞ্চলের সাবেক পরিচালক নাসিমা বেগম উপস্থিত ছিলেন।