পণ্যমূল্য স্থিতিশীল রাখতে মাঠে ‘মনিটরিং টিম’
রোজায় পণ্যমূল্য স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য পণ্যে মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং বাজারে চাহিদা অনুযায়ী পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে বাণিজ্য মন্ত্রণালয় এ কার্যক্রম হাতে নিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, মনিটরিং টিম বাজারে অভিযান চালাচ্ছে। যারা বাজারে পণ্যের মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
যে কোনো তথ্য জানাতে অধিদপ্তরের পরিচালক মো. আবু তালেব (০১৭১১-৪০৮৭৯০) এবং উপপরিচালক মুন্সী আবদুল আহাদ (০১৫৫২-৩২০১২২) এবং বিভাগীয় উপপরিচালক মো. শাহ আলমের (ঢাকা ০১৮২৭-৫৮৮৮৫০) সঙ্গে যোগাযোগ করা যাবে।
এ ছাড়া ঢাকার বাইরে বিভাগীয় উপপরিচালক জুবায়ের আহমেদ (চট্টগ্রাম ০১৭১১-৭৬২৯০৬),সুকুমার চন্দ্র কুন্ডু (রাজশাহী ০১৭৪৬-৪০৬৬৯৯), মোঃ মকবুল হোসেন (রংপুর ০১৭১২-২৪৬৮৯০), সৈয়দ রবিউল আলম (খুলনা ০১৭১১-৯৩৩১৬০), মো. আব্দুল মজিদ (বরিশাল ০১৯১৭-০৩০৯৭৯) এবং সৈয়দ লোকমান আহমেদের (সিলেট ০১৭১১-৩৯৬৯৬৫) কাছেও তথ্য দেয়া যাবে।
অধিদপ্তরের এই কর্মকর্তারা বাজার তদারকির সমন্বয় করছেন।
এরইমধ্যে ব্যবসায়ীরা নিশ্চিত করেছেন, রোজায় পণ্যমূল্য স্থিতিশীল থাকবে। কোন পণ্য সংকটের সম্ভাবনা নেই।আর বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি’র মাধ্যমে চাল, তেল, ডাল, চিনিসহ নিত্য পণ্য ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে।
