২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগারো মাসে লক্ষ্যমাত্রার ৯২% কৃষিঋণ বিতরণ

বিদায়ী অর্থবছরের প্রথম ১১ মাসে দেশের ব্যাংকগুলো কৃষি খাতে প্রায় ১৩ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 04:46 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

২০১২-১৩ অর্থবছরে কৃষি খাতে ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে ১৪ হাজার ১৩০ কোটি টাকা। সে হিসাবে জুলাই-মে সময়ে কৃষি ঋণ বিতরণে লক্ষ্যমাত্রার ৯২ শতাংশ অর্জিত হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত কৃষি খাতে ঋণ বিতরণসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত অর্থবছরের তুলনায় কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনের গতিতেও উন্নতি হয়েছে।

২০১১-১২ অর্থবছরের একই সময়ে কৃষি ঋণ বিতরণে লক্ষ্যমাত্রার ৮৩ শতাংশ অর্জিত হয়েছিলো। সেসময় অর্থবছরের ১৩ হাজার ৭৯৮ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ১১ হাজার ৪৫৩ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছিলো।

অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা আট হাজার ৬০৭ কোটি টাকার বিপরীতে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী এবং বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাত হাজার ৫৪৫ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৮৭ দশমিক ৬৬ শতাংশ।

আগের বছরের একই সময়ে এসব ব্যাংক বিতরণ করেছিলো লক্ষ্যমাত্রার ৮৮ দশমিক ৩২ শতাংশ ঋণ বিতরণ করেছিলো।

বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো বছরের পাঁচ হাজার ৫২৩ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে একই সময়ে বিতরণ করেছে পাঁচ হাজার ৪৫১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৯৮ দশমিক ৬৯ শতাংশ।

আগের বছরের একই সময়ে এই ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার ৭৪ দশমিক ৪২ শতাংশ ঋণ বিতরণ করেছিলো ।

বরাবরের মতো এবারো কৃষি খাতে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই সময়ে ব্যাংকটি চার হাজার ১১৯ কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যা তাদের লক্ষ্যমাত্রার ৮৯ দশমিক ৫৪ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে থাকা বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বিতরণ করেছে এক হাজার ২০৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১৬৬ দশমিক ৪৩ শতাংশ। এর পরেই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিতরণ করেছে এক হাজার ১৬১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৮৯ দশমিক ৩১ শতাংশ।

এছাড়া সোনালী ব্যাংক ৮৮১ কোটি টাকা, জনতা ব্যাংক ৭০৫ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ৫৮০ কোটি টাকা এবং রূপালী ব্যাংক ৯৮ কোটি টাকা বিতরণ করেছে।

আসছে ২০১৩-১৪ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে কৃষি খাতে ব্যাংকগুলোর ১৪ হাজার ৫৯৫ কোটি টাকার ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে।