চীনের পোল্ট্রি আমদানিতে এলসি না খোলার নির্দেশ
চীন থেকে পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্য আমদানিতে ব্যাংকগুলোকে কোনো এলসি না খোলার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনাটি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠিয়েছে।
এর আগে গত ২৯ মে প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় চীন থেকে পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্য আমদানি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে।
এতে বলা হয়, আমদানি ও রপ্তানি (নিয়ন্ত্রক) আইন, ১৯৫০-এর সেকশন-৩ এর সাব সেকশন (১)-এর ক্ষমতাবলে সরকার চীন থেকে পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্য আমদানি সাময়িক নিষিদ্ধ করেছে।
অবশ্য নিষিদ্ধের কারণ উল্লেখ করা হয়নি।
সম্প্রতি চীনে এইচ৭এন৯ ভাইরাসের সংক্রমণ দেখা দিলে ব্যাপক হারে হাঁস-মুরগি নিধন করা হয়।
