২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থিতিশীলতা ফেরার আশা ডিএসই’র

প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারকে বিভিন্ন সুবিধা দেয়ায় স্থিতিশীলতা ফিরবে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 12:37 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

২০১৩-২০১৪ সালের প্রস্তাবিত বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর জন্য রোববার দুপুরে ডিএসই প্রাঙ্গণে সংবাদ সম্মেলন ডাকা হয়।

এতে বক্তব্য দেন ডিএসই সভাপতি রকিবুর রহমান ও প্রথম সহ-সভাপতি আহমেদ রশীদ লালী।

রকিবুর রহমান বলেন, “প্রস্তাবিত বাজেটে সরকার যে প্রণোদনা দিয়েছে তা পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাজেট বক্তৃতার মাধ্যমে পুঁজিবাজারের প্রতি সরকার ও অর্থমন্ত্রীর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে। এটা বাজারের জন্য সহায়ক হবে।”

“অনেকেই বাজেট নিয়ে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন। তারা হয়তো বাজেটের ভেতরের দিকটা ভালো করে লক্ষ্য করেননি। বাজারকে ভালো করার জন্য অনেক সহায়তা রয়েছে।”

বাজেটে পুঁজিবাজারের প্রস্তাবনার মধ্যে ব্যক্তিশ্রেণির করদাতার শেয়ার লেনদেন থেকে অর্জিত আয়কে করমুক্ত রাখার বিদ্যমান সুবিধা অব্যাহত রাখা হয়েছে। আয়ের ৩০ শতাংশ বিনিয়োগ করলে এখন থেকে আয় বা কর্পোরেট করের ওপর ১৫ শতাংশ কর রেয়াত পাওয়া যাবে।   

ব্যক্তিশ্রেণির বিনিয়োগের ওপর কর রেয়াত ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। আর ব্যক্তিশ্রেণির সর্বোচ্চ বিনিয়োগ সীমা এক কোটি থেকে বাড়িয়ে দেড় কোটি টাকা করা হয়েছে।

শেয়ারের অভিহিত মূল্যের প্রিমিয়ামের ওপর বিদ্যমান ৩ শতাংশ কর এবং বন্ড বিক্রির সময় উৎসে আয়কর বিলোপ করা হয়েছে। আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ওপর ১৫ শতাংশ কর রেয়াত দেয়া এবং করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।

বাজেটের পরদিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অন্যান্য খাতের পাশাপাশি পুঁজিবাজারেও জরিমানা দিয়ে কালো টাকা সাদা করা যাবে।   

পুঁজিবাজারে কালো টাকা সাদা করার বিষয়ে এক প্রশ্নের জবাবে রকিবুর রহমান বলেন, “বাজারে অনেক গুজব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোনও একটি বিষয়ে ওপর বাজার নির্ভরশীল নয়।”

“অর্থমন্ত্রী অপ্রদর্শিত আয়ের বিষয়ে ইতোমধ্যে বলেছেন। সংসদে আরো ষ্পষ্ট করবেন আশা করি।”

তিনি বলেন, কালোটাকার প্রভাবে দেশের পুঁজিবাজার কখনোই প্রভাবিত হয়নি। বরং যখন অর্থেন জোগান শেয়ারের চেয়ে বেড়ে গেছে তখনই বাজার ফুলে ফেঁপে উঠেছে।

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ডিএসই সভাপতি বলেন, “হতাশ হওয়ার কিছু নেই। শুধু কোম্পানি দেখে বিনিয়োগ করেন।”

বিভিন্ন ক্ষেত্রে করহার কমানোয় বাজারের গতিশীলতা বাড়বে বলেও জানান তিনি।

তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন কোম্পানির করহার ৫ শতাংশ বাড়িয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব পুনর্বিবেচনা করার আহ্বান জানান তিনি। এতে নতুন কোম্পানি তালিকাভুক্ত হতে অনুৎসাহিত হবে এবং জনগণ ভালো শেয়ারে বিনিয়োগ থেকে বঞ্চিত হবেন বলেও তার ধারণা।

এজন্য করহার না বাড়িয়ে বাজারে তালিকাভুক্তির জন্য ন্যূনতম ২০ শতাংশ শেয়ার বাজারে ছাড়া শর্ত বেধে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রকিবুর রহমান।

এদিকে, ওই সংবাদ সম্মেলন চলাকালেই ডিএসই ভবনের সামনে বিক্ষোভ দেখান কয়েকজন বিনিয়োগকারী। এ সময় পুঁজিবাজারের মন্দার দায় নিয়ে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবিতে তাদের স্লোগান দিতে দেখা গেছে।