রাজস্ব ব্যয়ের ৩৩% যাবে সুদ, বেতনভাতায়
সরকারের মেয়াদের শেষ অর্থবছরে অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে মোট রাজস্ব ব্যয়ের এক তৃতীয়াংশই ঋণের সুদ এবং সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা মেটাতে খরচ হবে।
বাজেট পর্যালোচনায় দেখা যায়, ১ লাখ ৫৫ হাজার ১৬৩ কোটি টাকার অনুন্নয়ন বাজেটের ২৭ হাজার ৭৪৩ কোটি টাকাই খরচ হবে সরকারের নেয়া ঋণের সুদ পরিশোধে, যা মোট বরাদ্দের ১৭.৯ শতাংশ।
আর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ২৪ হাজার ৮৬৭ কোটি টাকা খরচ হবে, যা মোট বরাদ্দের ১৬ শতাংশ।
এ দুই খাতে মোট খরচ হবে ৫২ হাজার ৬১০ কোটি টাকা, যা মোট রাজস্ব বাজেটের ৩৩ শতাংশ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে মোট ব্যয় ধরা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা।
গত কয়েক বছরের বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, রাজস্ব বাজেটের সবচেয়ে বেশি অর্থ খরচ হতো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায়।
কিন্তু চলতি ২০১২-১৩ অর্থবছর থেকে সুদ পরিশোধেই সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ রাখা হচ্ছে।
চলতি অর্থবছরে মূল বাজেটে সুদ পরিশোধ বাবদ খরচের জন্য বরাদ্দ ছিল ২৩ হাজার ৩০২ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ২৩ হাজার ৩৪৭ কোটি টাকা করা হয়।
আর নতুন বাজেটে বরাদ্দ ২৭ হাজার ৭৪৩ কোটি টাকার মধ্যে ২৬ হাজার কোটি টাকা ব্যয় হবে অভ্যন্তরীণ সুদ পরিশোধে। এক হাজার ৭৪০ কোটি টাকা চলে যাবে বিদেশি ঋণের সুদ পরিশোধে।
সরকারের এই ঋণনির্ভরতার সমালোচনা করে তা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ জায়েদ বখত।
তিনি বলেন, “সরকারের রাজস্ব আদায় আগের চেয়ে অনেক বেড়েছে। এরপরও আমরা ঋণ নির্ভরতা থেকে বের হয়ে আসতে পারছি না। ঋণ নিয়ে কোথায় কীভাবে খরচ করা হচ্ছে তার স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা উচিৎ।”
ঋণের টাকায় আসলেই কোনো উন্নয়ন হচ্ছে কিনা; নাকি ওই অর্থ অপচয় হচ্ছে- এ বিষয়গুলো ‘দেখার সময় এসেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
বিআইডিএসের গবেষণা পরিচালক জায়েদ বখত প্রশ্ন করেন, “বাজেটের সিংহভাগ অর্থই যদি সুদ পরিশোধ এবং বেতন-ভাতায় চলে যায়, তাহলে সরকার অন্য খাতের খরচ মেটাবে কি দিয়ে?”
বাজেটের সংক্ষিপ্তসারে রাজস্ব ব্যয়ের বিশ্লেষণে দেখা যায়, রাজস্ব ব্যয় বাবদ মোট এক লাখ ৫৫ হাজার ১৬৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এর মধ্যে সুদ পরিশোধ বাবদ রাখা হয়েছে ২৭ হাজার ৭৪৩ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে প্রায় সমান অংকের, ২৬ হাজার কোটি টাকা ঋণ নেয়ার কথা বলেছে।
২০১১-১২ অর্থবছরে সুদ পরিশোধে মোট ব্যয় হয় ২০ হাজার ৩৫১ কোটি টাকা।
আগের ঋণ এবং বৈদেশিক ঋণের সুদ পরিশোধের জন্যই অর্থমন্ত্রীকে এবার এ খাতে বেশি বরাদ্দ রাখতে হয়েছে বলে মনে করেন জায়েদ বখত।
তিনি বলেন, “ঘাটতি মেটাতে ঋণনির্ভরতা কমাতে না পারলে সুদ পরিশোধের এই মাশুল দিয়ে যেতে হবে।”
রাজস্ব ব্যয়
রাজস্ব ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণের তথ্য অনুযায়ী, নতুন বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৪হাজার ৮৬৭ কোটি টাকা।
চলতি অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ২২ হাজার ৯৪০ কোটি টাকা, সংশোধিত বাজেটে তা সামান্য কমে ২১ হাজার ৫৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
পণ্য ও সেবা খাতের জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১৫ হাজার ৮২৮ কোটি টাকা। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ১৩ হাজার ৩৩ কোটি টাকা।
ভর্তুকি খাতে এবার বরাদ্দ কমেছে। এ খাতে নতুন বাজেটে ১৫ হাজার ৭৪৩ কোটি টাকা রাখা হয়েছে। সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১৬ হাজার ৮০৮ কোটি টাকা।
এছাড়া থোক বরাদ্দ বাবদ রাজস্ব বাজেটে এবার ১ হাজার ৫৯৪ কোটি টাকা রাখা হয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ১ হাজার ১৯৯ কোটি টাকা।
ঋণের চিত্র
এবারের ৫৫ হাজার ৩২ কোটি টাকার ঘাটতি বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ৩৩ হাজার ৯৬৪ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
ব্যাংক থেকে নেওয়া হবে ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা। আর ব্যাংক বহির্ভূত উৎস অর্থ্যাৎ সঞ্চয়পত্র ও অন্যান্য খাত থেকে নেওয়া হবে সাত হাজার ৯৭১ কোটি টাকা।
নতুন বাজেটে বৈদেশিক উৎস থেকে ২৩ হাজার ৭২৯ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
চলতি ২০১২-১৩ অর্থবছরের মূল বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয় ২৩ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ২৮ হাজার ৫০০ কোটি টাকা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের পহেলা জুলাই থেকে গত ২৭ মে পর্যন্ত সরকার ব্যাংক থেকে ১২ হাজার ৩৫৯ কোটি ৯০ লাখ টাকা ঋণ নিয়েছে।
গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৬ হাজার ২২২ কোটি ৬৮ লাখ টাকা।
