স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে
চলতি অর্থবছরের চেয়ে আগামী অর্থবছরের বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৩-২০১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে নয় হাজার ৫৮৮ কোটি ৬২ লাখ ৯৮ হাজার টাকা, যা চলতি অর্থবছরে ছিল আট হাজার ৯১৬ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা। অর্থাৎ গত অর্থবছরের তুলানায় বরাদ্দ বেড়েছে ৬৭২ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার টাকা।
এর মধ্যে বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনির্বাপণ অধিদপ্তরের জন্য আগামী অর্থবছরে বাজেটে বরাদ্দ রাখা হয় ২৩০ কোটি ২০ লাখ ৭১ হাজার টাকা, যা চলতি অর্থবছরের তুলানায় ২৫ কোটি ২১ লাখ ৭১ হাজার টাকা বেশি।
কারা অধিদপ্তরের বরাদ্দ রাখা হয়েছে ৫০২ কোটি ৪৮ লাখ টাকা এবং রেলওয়ে পুলিশের জন্য বরাদ্দ ৩২ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা।
এবার বাজেটের আকার ধরা হয়েছে দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা, যার মধ্যে রাজস্ব খাত থেকে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা আদায়ের লক্ষমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার যোগান দেবে।
