‘বাজেট বাস্তবায়নই চ্যালেঞ্জ’
নির্বাচনের বছর সরকারের শেষ বাজেটটিকে উচ্চাভিলাষী মনে করছেন বিশ্লেষকরা।
তাদের মতে, এটি বাস্তবায়ন করা কঠিন হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার ২০১৩-১৪ অর্থবছরের জন্য ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন, যাতে আয় এবং ব্যয়ের মধ্যে ঘাটতি থাকছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা।
বাজেট ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই বাজেট গতানুগতিক ও উচ্চাভিলাষী, এটি বাস্তবভিত্তিক নয়।
তার মতে, সরকার যে বিশাল আকারের বাজেট দিয়েছে তা বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে এর অর্থায়নের চ্যালেঞ্জটিই বড়।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিশাল রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ হওয়া নিয়ে সংশয় রয়েছে সালেহ উদ্দিনের।
সাবেক এই গভর্নর বলেন, রাজনৈতিক অস্থিরতা, ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা, শেয়ারবাজারের টালমাটাল পরিস্থিতি, আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে বিশাল এই বাজেট বাস্তবায়নের কোনো স্পষ্ট দিক-নির্দেশনা নেই।
“অংকের হিসাবে যত সহজভাবে বাজেট উপস্থাপন করা গেছে, বাস্তবায়ন এতটা সহজে হবে না। এছাড়া ট্যাক্স, নন-ট্যাক্স ইনকাম, বেসরকারি বিনিয়োগ ও এফডিআই কিভাবে হবে, তাও অস্পষ্ট। এক কথায় বাজেটে আয়-ব্যয়ের সামঞ্জস্য নেই।”
সালেহ উদ্দিন মনে করেন, নির্বাচনের বছরে জনতুষ্টির জন্য একটি বাজেট দেয়া হয়েছে। বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে নেয়া পুরানো অনেক উদ্যোগের ধারাবাহিকতা নেই।
“যেসব খাতে ধারাবাহিক উন্নয়ন হয়েছিল, সেগুলোকে আরো সুসংহত করা যেতে পারত। কিন্তু রাজনীতিকরণ, দুর্নীতির কারণে তা হয়নি।”
আয়-ব্যয়ের সরল হিসাব থাকলেও ২০১৩-১৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বাস্তবায়ন চ্যালেঞ্জ মনে করছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার(বিআইডিএস) গবেষক জায়েদ বখতও।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছরের তুলনায় আকারে প্রস্তাবিত বাজেট ৩৩ হাজার কোটি টাকা বেশি। এটা ধারাবাহিকতায় সম্প্রসারণমূলক বাজেট।
“দুটো কারণে সরকারকে এই সম্প্রসারণে যেতে হয়েছে। প্রথমত বাজেটে কিছু নির্বাচনী ব্যয় রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে বেসরকারি বিনিয়োগ কম হওয়ায় সরকারি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে ঘাটতি পুষিয়ে নেয়া।”
সালেহ উদ্দিনের মতো তিনিও বলেন, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না থাকলে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আয় হবে না। এতে সরকারের ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ বাড়বে। যার ফল দাঁড়াতে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি।
“সরকার যে ব্যয়ের পরিকল্পনা নিয়েছে এই ব্যয় সরকার করলেও তাতে কিছু অবকাঠামো উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন হবে না। কারণ সরকারি ব্যয়ে কর্মসংস্থান হয় না। এজন্য দরকার বেসরকারি বিনিয়োগ।”
জায়েদ বখত মনে করেন, বাজেটে আবগারী শুল্ক যতটা কমানো দরকার ছিলো ততটা কমানো হয়নি। আমদানিকে আরো উৎসাহিত করা যেত। মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যে শুল্ক যে হারে কমানো হয়েছে তাও যথেষ্ট নয়।
সোনালী ব্যাংকের এই পরিচালক বলেন, বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলো। কিন্তু এসব ব্যাংক পুঁজির সঙ্কটে ভুগছে।
ব্যাংকগুলোর তহবিল সরবরাহ বিষয়ে বাজেটে কোনো উদ্যোগ না নেয়ার দিকটিও তুলে ধরেন তিনি।
