২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর দরপত্র ৩০ জুন

দীর্ঘ প্রতিক্ষার পর পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে আগামী ৩০ জুন ৯ হাজার ১৭২ কোটি টাকার দরপত্র ডাকতে যাচ্ছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 07:44 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মিত হলে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলা সড়কপথে সরাসরি যুক্ত হবে রাজধানীর সঙ্গে। পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১.২ শতাংশ বাড়বে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

বুধবার বনানী সেতু ভবনে এ প্রকল্পের জাজিরা এপ্রোচ সড়ক ও সংযুক্ত অবকাঠামো নির্মাণ বিষয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের দরপত্র ডাকার এই তারিখ সাংবাদিকদের জানান। 

তিনি বলেন, নদী শাসন, মাওয়া ও জাজিরা এপ্রোচ রোড, সার্ভিস এরিয়া, পুনর্বাসন, সুপারভিশন কনসালটেন্ট, কনস্ট্রাকশন ইয়ার্ড, টোল প্লাজা, ভূমি অধিগ্রহণসহ প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে ২০ হাজার ৫০৭ কোটি টাকা।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ইতোমধ্যে জানিয়েছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে আসন্ন নতুন অর্থ বছরের বাজেটে ৬ হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হবে।

মুহিত বৃহস্পতিবার সংসদে যে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন, তাতে এ বিষয়ে আরো বিস্তারিত থাকবে বলে ওবায়দুল কাদের জানান।

জাজিরা এপ্রোচ সড়ক ও সংযুক্ত অবকাঠামোর নির্মাণ চুক্তি প্রসঙ্গে যোগযোগমন্ত্রী জানান, সেতুর এই অংশের কাজের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯৭ কোটি টাকা।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং ঠিকাদার প্রতিষ্ঠান এএমএল-এইচসিএম জেভির (বাংলাদেশ-মালয়শিয়া) প্রতিনিধি আবিদ হাবিব এই চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী ৩৬ মাসের মধ্যে প্রায় ১১ কিলোমিটার রাস্তা, পাঁচটি এপ্রোচ সেতু, ১৯টি বক্স কালভার্ট, ৮টি আন্ডারপাস, ৩ কিলোমিটার লোকাল রোডসহ অনান্য অবকাঠামো (টোল প্লাজা, টোল অফিস, পুলিশ পোস্ট, ইমার্জেন্সি বিল্ডিং) নির্মাণ করে দেবে প্রতিষ্ঠানটি।

বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মা সেতু নির্মাণে ২০১১ সালে বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি হলেও পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় বিষয়টি ঝুলে যায়। দীর্ঘ টানাপড়েন শেষে চলতি বছর জানুয়ারিতে সরকার বিশ্ব ব্যাংককে ‘না’ বলে দেয়। সে সময় এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২৯০ কোটি ডলার।

বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যাওয়ার পর সরকার নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেয়।চীন ও মালয়শিয়া সেতু নির্মাণ করে দেয়ার বিষয়ে আলাদা বিনিয়োগ প্রস্তাব দিলেও সেগুলো সরকারের সায় পায়নি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে জানিয়েছেন, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে নিরাপত্তা ও তদারকির জন্য সেনাবাহিনীর একটি 'কম্পোজিট ব্রিগেড' প্রতিষ্ঠা করা হবে।