২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আঙ্গিকে পদ্মা প্রকল্পে ‘আসছে’ এডিবি-জাইকা

বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার কারণে সরে গেলেও পদ্মা সেতু প্রকল্পে এডিবি ও জাইকার ফেরার আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আবদুর রহিম হারমাছি

দিল্লি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 03:41 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

নয়া দিল্লিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভায় অংশগ্রহণরত অর্থমন্ত্রী জাইকা কর্মকর্তার সঙ্গে বৈঠক করে তাদের প্রতিশ্রুতি আদায় করেন।

সভার দ্বিতীয় দিনে এডিবি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন জানিয়ে মুহিত সাংবাদিকদের বলেন, “তাদের ফিরে আসার অনুরোধ জানাবো। আমার আশা, তারা ফিরে আসবে।”

দুর্নীতির অভিযোগ ওঠার পর দীর্ঘ টানাপোড়েন শেষে চলতি বছরের শুরুতে ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে বাংলাদেশ।

বিশ্ব ব্যাংক বাদ পড়ার পর ঋণদাতা অন্য দুই সংস্থা এডিবি ও জাইকাও প্রকল্প থেকে সরে যায়।

এরপর নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের ঘোষণা দেয়ার মধ্যেই এডিবি ও জাইকাকে ফিরিয়ে আনার চেষ্টায় রয়েছেন অর্থমন্ত্রী।

এডিবি ও জাইকাকে ফেরানোর প্রক্রিয়া জানতে চাইলে তিনি হেসে বলেন, “অপেক্ষা করেন, দেখেন কীভাবে ফিরে আসে।

“কিছুদিনের মধ্যেই আমরা সেতুর টেন্ডার আহ্বান করবো। এরপর এডিবি, জাইকা ফিরে এলে পরে পুরো অর্থায়নের বিষয়টি সমন্বয় করা হবে।”

এডিবির সভায় অংশগ্রহণরত জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক নাকাহারা মাসাতাকা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যদি নতুন কাঠামোয় তাদের অর্থায়নের সুযোগ তৈরি করে দেয়া হয়, তবে নতুন করে আলোচনা করতে তারা রাজি।

“আমরা আলোচনা করতে তৈরি, যদি বাংলাদেশ সরকার চায়,” বলেন তিনি।

এডিবি কর্মকর্তা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি)সচিব আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গেও বৈঠক করেন।

নয়া দিল্লির ইন্ডিয়া এক্সপো সেন্টারে বৃহস্পতিবার শুরু হয়েছে এডিবির ৪৬তম বার্ষিক সভা, যা চলবে চার দিন।

বৃহস্পতিবার ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গেও বৈঠক করেন মুহিত। তিনি জানান, শুক্রবার এডিবির নতুন প্রেসিডেন্ট তাকিহিতো নাকাওয়ের সঙ্গে বসবেন তিনি।

এডিবি সদর দপ্তরে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক ইকবাল মাহমুদ সাংবাদিকদের বলেন, “আমি সংস্থাটির (এডিবি) শীর্ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে বুঝেছি, তারা অর্থায়ন করার জন্য বসে আছে।”

পদ্মা সেতুতে প্রকল্পে এডিবি ৬১ কোটি ডলার এবং জাইকা ৪০ কোটি ডলার ঋণ দিতে চেয়েছিল, যা মোট নির্মাণ ব্যয়ের এক-তৃতীয়াংশ।

পুরনো খবর:

সাভারে ‘ট্রাজেডি’র ছাপ এডিবির বৈঠকেও