সাভারে ‘ট্রাজেডি’র ছাপ এডিবির বৈঠকেও
সাভারে ভবন ধসে হতাহতের ঘটনাটি নয়া দিল্লিতে অনুষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভাকেও স্পর্শ করেছে।
বৃহস্পতিবার সভায় যোগ দেয়া বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে এডিবির বৈঠকে সেই ভয়াবহ বিয়োগান্তক ঘটনাটি আলোচনায় আসে।
বৈঠকে সাভারের প্রসঙ্গটি আনেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) দক্ষিণ এশিয়ার মহাপরিচালক নাকাহারা মাসাতাকা।
নাকাহারা বলেন, “সাভারের ভবন ধসে মারা যাওয়া শ্রমিকদের জন্য জাইকা শোকপ্র্রকাশ করছে। আহতদের প্রতিও সমবেদনা জানাচ্ছি।”
এসময় বাংলাদেশে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আবুল কালাম আজাদ বৈঠকে জানান, সাভার দুর্ঘটনায় ৪০০ শ্রমিক মারা গেছেন। এছাড়া আড়াই হাজার শ্রমিককে সরকার ওই ভবন থেকে জীবিত উদ্ধার করেছে।
জীবিতদের উদ্ধারে বাংলাদেশ সরকারের প্রশংসা করেন জাইকার মহাপরিচালক।
পরে ভারতের অর্থমন্ত্রী চিদাম্বরমের সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের দ্বিপক্ষীয় বৈঠক হয়।
ওই বৈঠকেও ভারতের অর্থমন্ত্রী সাভার ট্র্যাজেডির হতাহতদের জন্য সমবেদনা জানান বলে বৈঠকে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধি দলের এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ভবন রানা প্লাজা ধসে নিহতের সংখ্যা ইতোমধ্যে চারশ ছাড়িয়ে গেছে।
