২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেফ্রিজারেটর আমদানিতে সম্পূরক শুল্ক ৬০% করার প্রস্তাব

আগামী অর্থবছরের বাজেটে রেফ্রিজারেটর আমদানির ওপর আরোপিত সম্পূরক শুল্ক বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব করেছেন পণ্যটির স্থানীয় নির্মাতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 02:41 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার বিকালে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে ২০১৩-১৪ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার্স অ্যসোসিয়েশন।

রেফ্রিজারেটর আমদানির ওপর আরোপিত বর্তমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধির পাশাপাশি শুল্কস্তর বাড়ানোরও প্রস্তাব করেছে সংগঠনটি।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন সভাপতিত্বে বোর্ডের সম্মেলন কক্ষে এ আলোচনা হয়।

বিআরএমএর মহাসচিব লোকমান হোসেন আকাশ বলেন, দেশের রেফ্রিজারেটর শিল্পে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে এবং রপ্তানির হার বাড়াতে আমদানি শুল্ক বৃদ্ধির বিকল্প নেই।

এক্ষেত্রে সম্পূরক শুল্ক বাড়ালে সরকারের রাজস্ব আয় বাড়বে এবং দেশীয় শিল্প উপকৃত হবে বলে মনে করেন লোকমান।

বিআরএমএর তথ্যমতে, দেশে বর্তমানে বছরে ১০ লাখ ফ্রিজের চাহিদার বিপরীতে ১৪ লাখ ফ্রিজের উৎপাদন ক্ষমতা রয়েছে।

এনবিআর সদস্য (মূসক) মো. আল আমিন প্রামানিক, সৈয়দ আমিনুল করিম, ফরিদউদ্দিন, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন ও আর বি গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান আলোচনায় অংশ নেন।