২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইপি কার্ড পেলেন ১৩ প্রবাসী

দেশের অর্থনীতিতে ‘গুরুত্বপূর্ণ’ অবদানের জন্য ১৩ জন অনাবাসী বাংলাদেশিকে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) কার্ড দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 09:47 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বুধবার এই ১৩ ব্যবসায়ীর হতে ‘সিআইপি’ কার্ড তুলে দেন।

প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান অনুষ্ঠানে জানান, ২০১০ সালে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে ও বাংলাদেশি পণ্য আমদানির মাধ্যমে অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসাবে দুটি ক্যাটাগরিতে এই তের জনকে সিআইপি মর্যাদা দেয়া হচ্ছে। গত ২৯ জানুয়ারি এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করে সরকার।

এই ১৩ জনের মধ্যে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা পাঠানো দশজন সিআইপি হলেন- যুক্তরাজ্য প্রবাসী ঢাকার গুলশানের মোহাম্মদ আব্দুল রহিম, সৌদি আরব প্রবাসী চট্টগ্রামের হাটহাজারীর মো. লিয়াকত আলী, সংযুক্ত আরব আমিরাতে কর্মরত চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ রেজাউল আজিম, ইতালি প্রবাসী ঢাকার দুই ভাই মোহাম্মদ ইদ্রিস ও জাহাঙ্গীর মোহাম্মদ হোসেন, ওমান প্রবাসী চট্টগ্রামের বেগম মেহরুন নেছা আখতার, অস্ট্রেলিয়ায় বসবাসরত ঢাকার সিনথিয়া রহমান, সৌদি আরব প্রবাসী  ঢাকার ব্যবসায়ী কাজী নুরুল আলম, যুক্তরাজ্যে কর্মরত মৌলভীবাজারের এমজি মৌলা মিয়া এবং কুয়েতপ্রবাসী চট্টগ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ।

সবচেয়ে বেশি বাংলাদেশি পণ্য আমদানি করায় সিআইপি মর্যাদা পেয়েছেন রাশিয়া প্রবাসী ব্যবসায়ী টুঙ্গিপাড়া গোপালগঞ্জের মনোয়ার হোসেন, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী চট্টগ্রামের মুহাম্মদ আলী এবং শেরপুরের এএইচএম তাজুল ইসলাম।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আমাদের তিনটি ক্যাটাগরিতে সিআইপি মর্যাদা দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু শিল্প ক্ষেত্রে কাউকে না পাওয়ায় বাকি দুই ক্যাটাগরিতে তের জনকে এই মর‌্যাদা দেয়া হরো।”

প্রবাসীদের বাংলাদেশের ‘সূর‌্য সন্তান’ অভিহিত করে মন্ত্রী বলেন, “আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আপনাদের অবদান ১২ শতাংশ, তৃতীয় সর্ব্বোচ্চ খাত।”

বর্তমান সরকারের চার বছরে প্রবাসীরা মোট ৪১ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন বলে সাংবাদিকদের জানান তিনি।

সিআইপি মোহাম্মদ আব্দুল্লাহ অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ ব্যাংকের জটিলতার কারণে এখনো অধিকাংশ প্রবাসী বাংলাদেশি হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠান।

খন্দকার মোশাররফ বলেন, প্রবাসীদের টাকা পাঠানোর সুবিধার জন্য প্রতিটি জেলায় বিশেষ করায়ক্রম চালুর পদক্ষেপ নিচ্ছে সরকার।

সিআইপিরা ছাড়াও জনশক্তি প্রশিক্ষণ ও রপ্তানি ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামসুন্নাহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।