২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামান্য কমেছে মূল্যস্ফীতি

খাদ্যবহির্ভূত খাতে পণ্যমূল্য কমে আসায় ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 03:53 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায় পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৭১ শতাংশ। ফেব্রুয়ারিতে এ হার ৭ দশমিক ৮৪ শতাংশ ছিল।

মূল্যস্ফীতি কমেছে ১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে করা পুরনো হিসাবেও। মার্চে মূল্যস্ফীতি কমে হয়েছে ৭ দশমিক ৭৪ শতাংশ। ফেব্রুয়ারিতে এ হার ছিল ৭ দশমিক ৮৭ শতাংশ।

পরিসংখ্যান বুরো বলছে, মূলত খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমায় সার্বিক মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উপ-মহাপরিচালক মিজানুর রহমান বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন হিসাবে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। ফেব্র্রুয়ারিতে এ হার ৭ দশমিক ৪৫ শতাংশ ছিল।

তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ০৪ শতাংশ হয়েছে। ফেব্রুয়ারিতে এ হার ছিল ৮ দশমিক ৪৪ শতাংশ।

পুরনো হিসাবে খাদ্য খাতে মূল্যস্ফীতি ফেব্রুয়ারির ৮ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে মার্চে ৮ দশমিক ৩৪ শতাংশ হয়েছে।

আর খাদ্যবহির্ভূত খাতে ৭ দশমিক ১২ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৭৯ শতাংশ হয়েছে।

গত ১৮ জুলাই পরিসংখ্যান ব্যুরোর টেকনিক্যাল কমিটির সভায় ২০০৫-০৬ ভিত্তি বছরের সিপিআই (ভোক্তার মূল্য সূচক) অনুমোদন দেয়া হয়। সে ভিত্তিতে ২০০৫-০৬ ভিত্তি বছরের পাশাপাশি ১৯৯৫-৯৬ ভিত্তিবছরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হচ্ছে।