২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র ঋণ খাতে সিআইবি প্রতিষ্ঠার পরামর্শ আতিউরের

ব্যাংকিং খাতের মত ক্ষুদ্র ঋণ খাতেও সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 06:59 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

একই সঙ্গে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে একটি ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন তিনি।

আতিউর বলেন, ক্ষুদ্র ঋণ খাত সম্প্রসারিত হচ্ছে। এ খাতে নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে ঋণ গ্রহীতার ইতিহাস ও অন্য প্রতিষ্ঠানের ঋণ আছে কি না তা জানা জরুরি হয়ে পড়েছে।

“এজন্য ব্যাংকিং খাতের মত এ খাতেও সিআইবি প্রতিষ্ঠা করার বিষয়টি গুরুত্বসহকারে পরীক্ষার জন্য আমি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ)দৃষ্টি আকর্ষণ করছি।”

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ক্ষুদ্র ঋণ খাতে তহবিল সংকট রয়েছে। এজন্য প্রধান প্রধান ক্ষুদ্র ঋণ দাতা প্রতিষ্ঠানগুলো মিলে একটি ব্যাংক গঠনের উদ্যোগ নিতে পারে।

‘এমআরএ কর্তৃক প্রনীত বিধি-বিধানঃ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ও ঋণ গ্রহীতাদের ওপর কী প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন।

এমআরএ ও ইনষ্টিটিউট অব মাইক্রোফিন্যান্স(আইএনএম)) রাজধানীর সিরডাপ মিলনায়তনে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএনএমের নির্বাহী পরিচালক এম এ বাকী খলিলি। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান, অর্থনীতিবিদ এম এম আকাশ, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন, এমআরএর নির্বাহী চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক আলোচনায় অংশ নেন।

হাসান জামান বলেন, ক্ষুদ্র ঋণের সুদ হার বেধে দেওয়ার কারণে ছোট প্রতিষ্ঠানগুলো ব্যবসা করার ক্ষেত্রে চাপে পড়েছে। তাদেরকে সহযোগিতার জন্য নীতিমালা করা দরকার। একইসঙ্গে প্রান্তিক এলাকায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কার‌্যক্রম বাড়ানোর উদ্যোগ নেওয়া দরকার।”

এম এম আকাশ বলেন, ক্ষুদ্র ঋণের বাজার অল্প কয়েকটি প্রতিষ্ঠানের দখলে। এখানে অনেক প্রতিষ্ঠান আছে যারা ইচ্ছে করেই ব্যয় বাড়িয়ে ফেলছে। কেউ কেউ বিলাসী খরচও করে। এজন্য ভর্তুকির তহবিল দিলে তা কাদের দেওয়া হবে সে বিষয়েও নীতিমালা থাকতে হবে।

বর্তমানে এমআরএ যেসব নীতিমালা করেছে তা ক্ষুদ্র ঋণ খাতকে সুসংহত করেছে বলেও তিনি মনে করেন।

মাহবুব হোসেন বলেন, যে বিধি বিধান হয়েছে তা ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে আরও গভীরে যাওয়া দরকার। সুদ হারের সর্বোচ্চ সীমা নিয়ে অনেক কথা আছে। এ ক্ষেত্রে ছোট প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়ছে কিনা বা কেউ অনিচ্ছাকৃত সমস্যায় পড়ছে কি না তা দেখা দরকার।

কাজী খলীকুজ্জামান আহমেদ বলেন, দেশের বাস্তবতা ও প্রয়োজন সামনে রেখে সুষ্ঠু বিধি বিধানের মাধ্যমে কাজ করতে হবে।

তিনি ব্যাংক প্রতিষ্ঠা বিষয়ে গভর্নরের পরামর্শ বিবেচনা করবেন বলে জানান।

সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম নুরুন্নবী, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, উপ ব্যবস্থাপনা পরিচালক গোলাম তাওহীদ, ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ক্রেডিট ডেভেলপমেন্ট ফোরামের নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল প্রমুখ।