২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার কাজ এখনই চান মহাজোট সাংসদরা

নির্বাচন বিবেচনায় বর্তমান সরকারের মেয়াদেই পদ্মা সেতুর কাজ শুরুর দাবি জানিয়েছেন মহাজোটের কয়েকজন প্রভাবশালী সংসদ সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 03:05 PM

Updated : 25 Apr 2022, 06:33 PM

পুঁজিবাজারের দিকে নজর দেয়ার পাশাপাশি দুর্নীতির অভিযোগ ওঠা কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ও টিআর (টেস্ট রিলিফ) বন্ধ করারও পরামর্শ দিয়েছেন তারা।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট নিয়ে এক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।

সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করেন।

সভায় আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, আইন ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়া, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী, দুর্যোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ বি এম আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।

তোফায়েল আহমেদ বলেন, “সরকারের শেষ বছর। আমাদের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম ছিল পদ্মা সেতু। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে এখনও আমরা এই সেতুর কাজ শুরু করতে পারিনি।”

“দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন ছিল পদ্মা সেতু। সে স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য যে করেই হোক সরকারের বাকি মেয়াদে এই সেতুর কাজ শুরু করতেই হবে।”

এ সময় অর্থমন্ত্রী বলেন, “আমাদের এখন অনলি (একটাই) ইনটেনশন (লক্ষ্য) হচ্ছে পদ্মা সেতুর কাজ শুরু করা। আশা করছি পারবো। এবং অবশ্যই আমরা নিজস্ব অর্থে এই সেতু করবো।”

নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ করা হলে খরচ অনেক কম হবে বলে জানান অর্থমন্ত্রী।

১৪ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ‘কমফরটেবল পজিশিন’ উল্লেখ করে মুহিত বলেন, “পদ্মা সেতুর জন্য ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের যে বৈদেশিক মুদ্রা লাগবে তা সংস্থানের কোনো সমস্যা হবে না। ভারত সরকার ২০ কোটি ডলার যে অনুদান দিচ্ছে সে অর্থও পদ্মা সেতুতে ব্যয় করা হবে।”

এছাড়া সভরেন বন্ড ছাড়ার মাধ্যমেও বিদেশি মুদ্রার সংস্থান করা হবে বলে জানান মুহিত। 

তোফায়েল আহমেদ বলেন, “সরকারের শেষ বাজেট অবশ্যই নির্বাচনী বাজেট হতে হবে। গণমুখী বাজেট হতে হবে। এমন বাজেট হওয়া উচিৎ যাতে গ্রামের উন্নয়ন হয়। গ্রামের মানুষের উন্নয়ন হয়। কেননা, আমরা গ্রাম থেকেই সংসদ সদস্য নির্বাচিত হই।”

এ প্রসঙ্গে মুহিত বলেন, “আমার সব বাজেটই নির্বাচনী বাজেট।”

পুঁজিবাজার প্রসঙ্গে তোফায়েল অর্থমন্ত্রীকে বলেন, “এ বিষয়ে আমি কিছু বলবো না। শুধু বলবো, প্লিজ শেয়ারবাজারের দিকে নজর দিন।”

পদ্মা সেতু বিষয়ে রাশেদ খান মেনন বলেন, “পদ্মা সেতুর ব্যাপারে আমরা কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা পাচ্ছি না। যদিও অর্থমন্ত্রী জাতীয় সংসদে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। কিন্তু কাজ শুরু হচ্ছে না। এ ব্যাপারে নতুন বাজেটে সুনির্দিষ্টভাবে ব্যখ্যা থাকা দরকার।”

রহমত আলী বলেন, “আমরা গণমুখী ও নির্বাচনী বাজেট চাই। গ্রামের মানুষের দিকে, গ্রামের অর্থনীতির দিকে বেশি নজর দিতে হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়াতে হবে।”

ফজলে রাব্বি বলেন, বিশ্ব অর্থনীতির মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালো ছিল। আমরা ভালোভাবে মন্দা মোকাবিলা করেছি।

“এখন আমরা এমন বাজেট চাই যাতে মানুষ আমাদের আবার ভোট দেয়।”

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নতুন যে বাজেট হবে তার বাস্তবায়ন শুরু হতে হতে বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। সে কারণে যে প্রকল্পগুলো বাস্তবায়নাধীন আছে সেগুলো দ্রুত শেষ করার দিকে বেশি মনোযোগ দিতে হবে।

অর্থমন্ত্রী এ বিষয়ে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ সচিব ফজলে কবিরকে নির্দেশ দেন।

‘কাবিখা-টিআর বন্ধ করে দিন’

মতবিনিময়ে উপস্থিত ছয় জন সংসদ সদস্যই কাবিখা-টিআর বন্ধ করে দেয়ার জোর দাবি জানান। এর পরিবর্তে এলাকার উন্নয়নে সংসদ সদস্যদের নগদ অর্থ বরাদ্দের কথা বলেন তারা।

এ প্রসঙ্গে প্রথমে কথা বলেন আনিসুল ইসলাম মাহমুদ।

তিনি বলেন, “কাবিখা-টিআর মাধ্যমে ব্যাপক লুটপাট হয়। এই লুটপাট বন্ধ করতে হবে। আর সেটা করতে হলে এই দুটি কর্মসূচি বন্ধ করে হবে।”

তোফায়েল আহমেদ বলেন, “কাবিখা-টিআর নিয়ে মানসম্মান নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। এটা নিয়ে এতো দুর্নীতি হয় যে বলে বোঝানো যাবে না।”

উপস্থিত বাকি সংসদ সদস্যরাও এই দুটি কর্মসূচি বন্ধ করে দিয়ে তাদের জন্য নগদ অর্থ বরাদ্দের পরামর্শ দেন অর্থমন্ত্রীকে।

তবে অর্থমন্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।