২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছরের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ: মুহিত

আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও শান্তিপ্রিয় দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 06:37 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

রোববার সন্ধ্যায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আশার কথা জানান।

মুহিত বলেন, “স্বপ্ন দেখছি একটি সুখী, সমৃদ্ধশালী ও শান্তিপ্রিয় বাংলাদেশের, যা আগামী ১০ বছরেই হবে। অর্থাৎ গোল্ডেন জুবিলিতে সোনার বাংলা হাতে পাব।

“আমার দেশ সম্পর্কে আমার সে রকমই আশা, এখানে হতাশার কিছু নেই।”

এই প্রসঙ্গে তিনি আরো বলেন, “সুখের লিমিট কতটা হবে, তা আপনার ইচ্ছার ওপর। মধ্যম আয়, উচ্চ আয় এসবই আপেক্ষিক।”

মুহিত বলেন, “আমরা দৃঢ়ভাবে বলতে পারি, দেশ থেকে ক্ষুধা বিতাড়িত হয়েছে। সামাজিক নিরাপত্তা এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে।”

শিক্ষা, স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং তা তৃণমূল পর্যায়ে পৌঁছানোর কথাও নিজের বক্তব্যের পক্ষে তুলে ধরেন তিনি।

“গৃহায়ন এখনো সমস্যা। যেখানে যাওয়ার কথা ছিল, সেখানে যায়নি। আমাদের কর্মসংস্থান যেখানে গেছে, তা ভালো হয়েছে। তবে বিশেষ দাবি করার মতো,” সীমাবদ্ধতাও তুলে ধরেন মুহিত।

সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি এখনো অন্তরায় বলে চিহ্নিত করেন অর্থমন্ত্রী এবং তা নির্মূলে তথ্যপ্রযুক্তির প্রসারের ওপর জোর দেন তিনি।

হরতালের বিষয়ে তিনি বলেন, “হরতালে যেটা করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। হরতাল অবশ্যই প্রতিবাদের মাধ্যম। কিন্তু হরতালে যখন মানুষ হত্যা করা হয়, রাষ্ট্রের সম্পদ নষ্ট করা হয়, তা গ্রহণযোগ্য নয়।”

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুহিত।

আলোচনা সভায় সভাপতিত্ব করে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ। সাধারণ সম্পাদক শামসুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বীর বিক্রমও বক্তব্য রাখেন।