২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য সরবরাহ স্থিতিশীল রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 04:47 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

গত ৬ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের পাঠানো হয়েছে।

চিঠিতে বিশেষ করে পণ্য পরিবহন ব্যবস্থা নির্বিঘ্ন করার বিষয়ে উদ্যোগ নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সম্প্রতি একটানা হরতালে ব্যবসায়ীরা পণ্য পরিবহনে নানামুখী বাধার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন। এমনকি রপ্তানি পণ্য পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে রপ্তানিকারকদের বিভিন্ন সংগঠন।   

এই প্রেক্ষিতেই প্রয়োজনীয় উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে এ চিঠি দেয়া হলো।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সদর আলী বিশ্বাসের সই করা চিঠিতে বলা হয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য ভোক্তা সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের অভ্যন্তরে নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে চাল, ডাল, আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, শুকনো মরিচ ও শাক-সবজি পরিবহনে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে বলে বাণিজ্য মন্ত্রনালয়কে অবহিত করেছে।

এর ফলে এসব পণ্যের বাজার অস্থিতিশীল হয়ে ভোক্তা সাধারণের দূর্ভোগ বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় চিঠিতে।

এতে বলা হয়, “এমতাবস্থায় নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং বাজার মুল্য স্থিতিশীল রাখার নিমিত্ত এসব পণ্যের পরিবহন ব্যবস্থা সার্বক্ষণিক স্বাভাবিক রাখার ক্ষেত্রে ব্যবসায়ীদের উপযুক্ত নিরাপত্তা সহায়তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।”

এনবিআরের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, সকল বিভাগীয় কমিশনার ও বিভিন্ন বন্দর কর্তৃপক্ষকেও একই চিঠি পাঠিয়ে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।