পদ্মা সেতু নিয়ে অর্থমন্ত্রীর সেই উত্তর প্রত্যাহার
পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে মঙ্গলবার সংসদে দেয়া অর্থমন্ত্রীর প্রশ্নোত্তরের একাংশ প্রত্যাহার করা হয়েছে।
অর্থমন্ত্রীর পক্ষে সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার তা এক্সপাঞ্জ করেন।
এসময় ফজলে রাব্বী মিয়া অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
দিনের কর্মসূচির শেষাংশে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আবুল কালাম আজাদ বিষয়টি উত্থাপন করেন।
তিনি বলেন, জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর বক্তব্য গত ২৮ জানুয়ারির জন্য নির্ধারিত ছিল। এই উত্তরের একাংশ ভুলবশত মঙ্গলবারের প্রশ্নোত্তরে সন্নিবেশিত হয়েছে।
“এ প্রশ্নের বিশ্ব ব্যাংকের অর্থায়ন সংক্রান্ত জবাবগুলো প্রশ্নোত্তর থেকে ডিলিট করা হোক। অর্থমন্ত্রী দেশের বাইরে রয়েছেন। তার পক্ষে আমি এ আহ্বান জানাচ্ছি।”
এর জবাবে স্পিকার বলেন, বিষয়টি আমি বুঝেছি। ওই অংশটি এক্সপাঞ্জ করা হল।
এর পরেই সংসদের অধিবেশন বুধবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি করা হয়।
