বিমসটেকে যোগ দিতে চীনের আগ্রহ
বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বিমসটেকে যোগ দিতে চায় চীন।
বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের (বিসিআইএম) একাদশতম আঞ্চলিক সহযোগিতা ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেন পেপিং।
তিনি বলেন, বাংলাদেশের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিমসটেকে যোগ দিতে চীন খুবই আগ্রহী।
“আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য কার্যকর যে কোনো উদ্যোগকেই আমরা পূর্ণ সহায়তা করবো।”
বিসিআইএম’র মধ্যে শুধু চীন ছাড়া বাকি তিনটি দেশ বে-অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশনের (বিমসটেক) সদস্য। বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল ও থাইল্যান্ডকে নিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই আঞ্চলিক জোট গঠিত হয় ১৯৯৭ সালে।
বিসিআইএম ফোরামে বাংলাদেশি প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পক্ষ থেকে বিমসটেকে অর্থনৈতিক পরাশক্তি চীনকে অন্তর্ভুক্ত করা বা তাদের পর্যবেক্ষক মর্যাদা দেয়ার আহ্বান জানানো হয়।
এই জোটে চীনের অন্তর্ভুক্তিতে বঙ্গোপসাগরে গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও আঞ্চলিক যোগাযোগ নিয়ে কিছু বড় প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হতে পারে বলে সিপিডি মনে করে।
এর আগে দেশের দক্ষিণাঞ্চল দিয়ে বাণিজ্য সম্প্রসারণে সোনাদিয়া দ্বীপ সমুদ্র বন্দর নির্মাণে আগ্রহ দেখিয়েছিল চীন।
প্রাদেশিক ভাইস গভর্নর শেন পেপিং বলেন, “বিসিআইএম দেশগুলো গত কয়েক বছর ধরে এই অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করছে এবং প্রথমবারের মতো চার জাতি যৌথ সড়ক সমীক্ষা সম্পন্ন করেছে। সড়ক যোগাযোগের ক্ষেত্রে খুলেছে নতুন অধ্যায়।”
বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চার দেশের কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোগে ১৯৯৯ সালে বিসিআইএম’র যাত্রা শুরু হয়।
সাবেক অর্থমন্ত্রী এম সায়েদুজ্জামানের সভাপতিত্বে বিসিআইএম ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ, চীনের রাষ্ট্রদূত লি জুন ও সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
