২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবিদারহীন গয়না ছাতা কলম পিস্তল

গত ১০ বছরে একবারও খোলা হয়নি, দাবিদারও নেই- এমন ব্যাংক লকার থেকে পাওয়া গেছে এই সম্পদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 04:52 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বিভিন্ন ব্যাংকের ‘দাবিদারহীন’ লকার থেকে কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে ২১ কেজি সোনার গয়না।

এসব লকারে পাওয়া গেছে আরো বিচিত্র সব জিনিসপত্র। এর মধ্যে রুপার গয়না, ইমিটেশনের গয়না, বিভিন্ন দেশের মুদ্রা যেমন আছে, তেমনি মিলেছে হাত ঘড়ি, ক্যামেরা, কলম ও ছাতা।

এমনকি পারিবারিক ছবির এ্যালবাম এবং একটি পিস্তলও পাওয়া গেছে লকারে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী, রূপালী এবং কয়েকটি বেসরকারি ব্যাংক থেকে এসব বস্তু জমা হয়েছে বাংলাদেশ ব্যাংকে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে ব্যাংকগুলোকে জানায়, ১০ বছর ধরে ব্যবহৃত হচ্ছে না এমন লকারে রক্ষিত সম্পদ ‘অদাবিকৃত’ বিবেচনায় জমা দিতে হবে।

২০০২ সালের পর থেকে একবারও খোলা হয়নি এমন লকারকেই ‘অদাবিকৃত’ ঘোষণা করতে বলা হয় ওই সার্কুলারে।

ব্যাংক কর্মকর্তারা জানান, যেসব লকার ‘অদাবিকৃত’ ঘোষণা করা হয়েছে, তার অধিকাংশই খোলা হয়েছিল দেশ স্বাধীন হওয়ার আগে। স্বাধীনতা যুদ্ধের সময় নিহত হওয়ায় বা দেশত্যাগের কারণে মালিকরা এসব লকারের সম্পদ নিতে পারেনি বলেই কর্মকর্তাদের ধারণা।

আপাতত এসব সম্পদ বাংলাদেশ ব্যাংকের ‘অবলুপ্ত ব্যাংক হিসাবে’ জমা করা হয়েছে। সেখানে এসব বস্তু আরো এক বছর থাকবে।

এর মধ্যে কোনো ব্যক্তি এসে দাবি না করলে তা ‘সরকারের সম্পদ’ ঘোষণা করে সরকারের ‘অপ্রত্যাশিত আয়ের’ খাতায় যোগ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজার সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ব্যাংক কোম্পানি আইনের ৩৫ ধারায় অদাবিকৃত একাউন্টের কথা বলা আছে। সেই আলোকে অদাবিকৃত লকারের সম্পদের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সে অনুযায়ী ব্যাংকগুলো ১০ বছরের বেশি সময় ধরে খোলা হয়নি এমন লকারে গচ্ছিত সম্পদ বাংলাদেশ ব্যাংকে জমা দিচ্ছে।”

কেন্দ্রীয় ব্যাংকের এই মহাব্যবস্থাপক জানান, এসব লকারের মালিক না পাওয়া গেলেও মালিকদের উত্তরসূরী হিসেবে কেউ দাবি নিয়ে এলে এবং যথাযথ প্রমাণ দেখাতে পারলে তাদের সম্পদ ফেরত দেওয়া হবে। এজন্য ব্যাংকের পক্ষ থেকে লকার মালিকদের ঠিকানায় চিঠি পাঠানো হচ্ছে।

গ্রাহকদের মূল্যবান সম্পদ নিরাপদে গচ্ছিত রাখতে ব্যাংকগুলো এই লকার সেবা দিয়ে থাকে। লকারের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকের পক্ষ থেকে বীমা করারও নিয়ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক।