২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা তহবিলে সাড়া নেই

পদ্মা সেতু নির্মাণে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের যে উদ্যোগ নিয়েছিল সরকার, তাতে সাড়া মিলছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 05:03 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার মধ্যে গত বছরের মাঝামাঝিতে প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিলে তাতে ব্যাপক সমর্থন দেখে তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়া হয়।

বাংলাদেশে ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, তহবিল সংগ্রহে খোলা ব্যাংক হিসাবে দেশে ছয় মাসে ১ লাখ ২ হাজার ৩৪৫ টাকা জমা পড়েছে। প্রবাসী বাংলাদেশিরা জমা দিয়েছে ১ হাজার ডলার।

৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ২৪ হাজার কোটি টাকা ব্যয় ধরা হচ্ছে।

নিজস্ব অর্থে এই সেতু নির্মাণের ঘোষণা দেয়ার পর সারাদেশে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়া হয়, যে উদ্দীপনায় প্রধানমন্ত্রীও ‘অভিভূত’ হয়ে পড়েন।

তবে এই অর্থ তোলাকে কেন্দ্র করে ওই বছরের ১৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজন খুন হলে এই উদ্দীপনায় ভাটা পড়ে।  

এরপর অর্থমন্ত্রী এভাবে অর্থ তুলতে নিষেধ করে ব্যাংক হিসাব খুলে তাতে অর্থ জমা দিতে বলেন। 

এর মধ্যেই বিশ্ব ব্যাংক প্রকল্পে পুনরায় ফিরে এলে নিজস্ব অর্থায়নের বিষয়টি চাপা পড়ে যায়।

এরপর দুর্নীতির তদন্ত নিয়ে টানাপোড়েনে গত মাসেই সরকার বিশ্ব ব্যাংকের অর্থ না নেয়ার সিদ্ধান্ত নেয়।

পরে অর্থমন্ত্রী সংসদে জানান, বহুপ্রতীক্ষিত এই সেতুর কাজ নিজস্ব অর্থায়নেই শুরু হবে।

তহবিল সংগ্রহে সাড়া না পাওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদ্মা সেতু নিয়ে সরকারের নানামুখী অবস্থানের কারণে জনগণ অনুদান দেওয়ার বিষয়ে অনেকটা নিরুৎসাহিত।

“এছাড়া সরকারও অনুদান সংগ্রহের বিষয়ে তেমন উদ্যোগী বলে মনে হয় না।”

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ৩১ জানুয়ারি পর্যন্ত ‘পদ্মা সেতু নির্মানে স্বেচ্ছা অনুদান সহায়তা(নিবাসী)’ হিসাবে ১ লাখ ২ হাজার ৩৪৫ টাকা জমা হয়েছে।

সর্বশেষ জানুয়ারি মাসে এই হিসাবে জমা হয়েছে ২ হাজার ৫৮৭ টাকা।

অন্যদিকে ‘পদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছা অনুদান সহায়তা(অনিবাসী)’ হিসাবে জমা হয়েছে ১ হাজার ডলার।

২০১২ সালে ৮ অগাস্ট পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের জন্য নিবাসী ও অনিবাসীদের থেকে স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় অনুদান সংগ্রহের লক্ষ্যে ‘পদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছা অনুদান সহায়তা(নিবাসী) ও পদ্মা সেতু নির্মানে স্বেচ্ছা অনুদান সহায়তা(অনিবাসী)’ শিরোনামে সংগ্রহ হিসাব(কালেকশন এ্যাকাউন্ট) খোলার জন্য দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে নির্দেশ দেয় ব্যাংলাদেশ ব্যাংক।

ব্যাংকাররা মনে করছেন, একবার ঋণচুক্তি বাতিল করলেও বিশ্ব ব্যাংক আবার প্রকল্পে ফিরে আসার পর জনগণ অনুদান দেয়া থেকে সরে গেছে।

যদিও শুরুর দিকে এর পক্ষে যথেষ্ট প্রচার ছিল। দেশে বা দেশের বাইরে থেকে জনগণও এগিয়ে এসেছিল।

গত বছর নিজস্ব অর্থে সেতু নির্মাণের ঘোষণার পর অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদের টিফিনের টাকা প্রধানমন্ত্রীর তহবিলে জমা দেয়ার ঘোষণা দেয়।

সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরাও নিজেদের বেতনের একটি অংশ এই তহবিলে দেয়ার প্রতিশ্রুতি দেয়।

বিশ্ব ব্যাংক প্রকল্পে ফিরে আসার পরও স্বেচ্ছা অনুদান নেয়ার হিসাব দুটি চালু ছিল। উদ্দেশ্য ছিল, সেতু নির্মাণে সরকারকে যে অর্থের সংস্থান করতে হত, তা এই অনুদান থেকে নেয়া হবে।

তবে এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের সঙ্গে সম্পর্কোচ্ছেদের পর এখন নিজেদের অর্থেই সেতু নির্মাণের সিদ্ধান্ত সরকারের।

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা মনে করছেন, সিদ্ধান্ত যদি নিজস্ব অর্থায়নেই হয়, তবে নতুন করে প্রচার-প্রচারণা চালাতে হবে।