কেন্দ্রীয় ব্যাংকে ইলেকট্রনিক ড্যাশ বোর্ড
কেন্দ্রীয় ব্যাংকে ইলেকট্রনিক ড্যাশ বোর্ড বসানো হচ্ছে।
বাণিজ্যিক ব্যাংকগুলোর অথরাইজড ডিলার (এডি) শাখার আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন তদারকে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে বসেই ওইসব ব্যাংকের এডি শাখার সব ফান্ডেড এবং নন-ফান্ডেড লেনদেন দেখা যাবে।
আগামী মঙ্গলবার সকালে এই ড্যাশ বোর্ডের উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন মনিটর করার জন্য বাংলাদেশ ব্যাংক ড্যাশ রোর্ড স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ড্যাশ রোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
এই ড্যাশ বোর্ডের সুবিধাদি তুলে ধরতে গিয়ে নির্বাহী পরিচালক জানান, এটি একটি মনিটরিং টুলস। এর মাধ্যমে একটি ব্যাংকের কোন এলসিতে কী পণ্য কেনাবেচা হচ্ছে, কী পরিমাণ অর্থায়ন করতে হচ্ছে, কবে পেমেন্ট হবে সব তথ্যই জানা যাবে।
এতে তদারকি ব্যবস্থা আরো জোরদার হবে বলে তিনি মনে করেন।
সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, ব্যাংকিং খাতে যাতে হলমার্ক কেলেংকারির মত আর কোন ঘটনা না ঘটে সেজন্য কেন্দ্রীয় ব্যাংক সামগ্রিক ব্যাংকিং খাতে তদারকি বাড়াচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে এই ড্যাশ বোর্ড বসানো হচ্ছে। এর মাধ্যমে অনলাইনে সব ধরনের লেনদেন সঙ্গে সঙ্গে দেখা যাবে। কোনো অসঙ্গতি দেখা গেলে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হবে।
বাংলাদেশ ব্যাংক ২০১১ সালের ১ নভেম্বর অনলাইন এক্সপোর্ট মনিটরিং সিস্টেম চালু করে। এরপর গত ১ জানুয়ারি চালু করা হয় অনলাইন ইমপোর্ট মনিটরিং সিস্টেম, অনলাইন ইনওয়ার্ড-আউট ওয়ার্ড অ্যান্ড ওয়েজ আর্নার রেমিটেন্স রিপোর্টিং সিস্টেম। বর্তমানে আইসিবি ইসলামি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছাড়া বাকী ৪৪টি তফসিলী ব্যাংক এই সিস্টেমের অধীনে রিপোর্ট করছে।
অনলাইন এক্সপোর্ট মনিটরিং সিস্টেমের মাধ্যমে ব্যাংক, রপ্তানীকারক, লেনদেনের তারিখ, দেশ ও মুদ্রা সম্পর্কে তথ্য জানা যায়।
আর অনলাইন ইমপোর্ট মনিটরিং সিস্টেমের সাহায্যে আন্তঃসীমান্ত ও ব্যাক টু ব্যাক এলসির বিস্তারিত তথ্য জানা যাচ্ছে।
