২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশে বিনিয়োগ আরো বাড়ানোর ওপর ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুমন মাহবুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 09:17 AM

Updated : 13 Oct 2022, 02:47 PM

ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই -এর নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, “আমরা চাই, দেশীয় বিনিয়োগ বেশী হোক। তাহলে, দেশের টাকা দেশেই থাকবে।”

প্রধানমন্ত্রী কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ শেখ হাসিনা সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

প্রধানমন্ত্রী ব্যবসায়ী ও শিল্পপতিদের উদ্দেশ্যে বলেন, “ব্যবসা করেন, দেশের কথা ভাবেন। দেশের জন্যও কিছু করতে হবে।”
ব্যবসায়ী ও শিল্পপতিদের আয়করের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “ভালোভাবে ট্যাক্স দেন। যেন ভালোভাবে রাজস্ব আদায় হয়; যেন আমরা ভালোভাবে কাজ করতে পারি।”

বর্তমান সরকারকে ব্যবসাবান্ধব সরকার হিসাবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ব্যবসা করি না। আমরা ব্যবসা করাই। আমরা ব্যবসা করতে গেলে সব নিয়ে যেতাম। আমাদের লক্ষই হলো, ব্যবসায়ীরা কীভাবে আরো বেশি ব্যবসা করতে পারে।”
আরো কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “ক্ষুদ্র ও কুটির শিল্পের ব্যাপক প্রসার ঘটানো দরকার। শ্রমঘন শিল্পের প্রসার দরকার।”

ব্যাংকের সুদের হার কমানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, “ব্যাংক সুদের হার কমানোর ওপর নিজেদের উদ্যোগী হওয়া দরকার।”

“এতো বেশি সুদ দিয়ে ব্যবসা করতে গেলে তো চক্রবৃদ্ধি হারে তা বেড়ে যায়”, বলেন প্রধানমন্ত্রী।
সরকারি ব্যাংকের সুদের হার কমাতে উদ্যোগ নেয়া হবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দেন।

ডলারের দাম কমানোতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “ফরেন কারেন্সি রিজার্ভ এখন কমফোর্টেবল পজিশনে আছে।ছয় মাস চালানোর জন্য খাদ্য মজুদ আছে”

বিদ্যুৎ উৎপাদনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “পর্যায়ক্রমিকভাবে আরো বিদ্যুৎকেন্দ্র আসছে।”

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে একটি অনুমোদনহীন তৈরী পোষাক কারখানায় অগ্নিকাণ্ডের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সেদিন যে আগুন লাগলো- ওই দালান থেকে শুরু করে সব কিছুই আনথরাইজড। এটা আপনাদেরও (ব্যবসায়ী নেতৃবৃন্দ) দেখতে হবে, কারা এখানে সাব কনট্রাক্ট দিচ্ছে।”

তৈরী পোশাক শিল্পে বাংলাদেশের বাজার অন্যত্র নিতেও এগুলো করা হচ্ছে বলে আশংকা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “বিনিয়োগের বাজার ডাইর্ভাট করার বিষয়ও থাকতে পারে।”

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য হলো, বিনিযোগ দেশের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়ুক।”
“ঢাকায় লেবার কস্ট বেড়ে যাচ্ছে। লেবার কস্ট কমাতে মালিকরা নিজ উদ্যোগেই ঢাকার বাইরে যাবে”, যোগ করেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন নেতৃবৃন্দ ফরমালিনের অবাধ ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে শেখ হাসিনা বলেন, “কীভাবে এর ব্যবহার বন্ধ করা যায়- আমরা তার পদক্ষেপ নিচ্ছি।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী আকরাম। আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি এ কে আজাদ, সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম এবং পরিচালক আসিফ ইব্রাহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল হক, সেলিম ওসমান ও প্রবীর বুমার সাহা।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, “আপনার কাঠোর নির্দেশনায় হলমার্ক, ডেসটিনিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের দুর্নীতি তদন্তপূর্বক তথাকথিত ব্যবসায়ী শিল্পপতি, সংশ্লিষ্ট ব্যাংকারসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগকে এফবিসিসিআই সমর্থন জানায়।”

তিনি বলেন, “আপনার গতিশীল নেতৃত্বে দেশের অর্থনীতি বর্তমানে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।”

“বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় ২০০৮-০৯ অর্থবছরে যেখানে ছিল ৬৭৬ মার্কিন ডলার, বর্তমানে তা ৮৫৮ ডলারে উন্নীত হয়েছে। রপ্তানি আয় ২০১১-১২ অর্থবছরে ২৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এছাড়া সদ্য ঘোষিত মুদ্রা নীতি ব্যবসা-বান্ধব হওয়ায় আমরা আপনার সরকারকে স্বাগত জানাই,” যোগ করেন আকরাম।
“সরকার এদেশের কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার যে প্রয়াস চালিয়েছে তার ফলে কৃষিখাতের বৈপ্লবিক পরিবর্তন আমাদের অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতি।”

পরে এফবিসিসআইয়ের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলেন।